ভূমিকম্পে হেলে পড়া ভবনগুলোর ব্যাপারে করণীয় নির্ধারণে সহায়তার জন্য চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি (চুয়েট) বিশ্ববিদ্যালয়ের কাছে দুজন বিশেষজ্ঞ চেয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এ জন্য গতকাল রোববার বিকেলে চুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ফারুক-উজ-জামান চৌধুরীর কাছে এ-সংক্রান্ত একটি চিঠি তুলে দেন সিডিএর প্রতিনিধিরা।
সিডিএর অথরাইজড কর্মকর্তা ও নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শামীম প্রথম আলোকে বলেন, ভূমিকম্পে হেলে পড়া ভবনগুলোর ক্ষতির মাত্রা ও ব্যবহারের উপযোগিতা নির্ধারণের কাজে সহযোগিতার জন্য দুজন বিশেষজ্ঞের নাম দিতে চুয়েট কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। চুয়েট তাঁদের নাম পরে জানাবে বলেছে। বিশেষজ্ঞদের নাম চূড়ান্ত হলে ভবনগুলোর ক্ষতির পরিমাণ নির্ধারণে মাঠপর্যায়ে কাজ শুরু হবে।
প্রকৌশলী মোহাম্মদ শামীম জানান, ‘আমাদের পক্ষ থেকে বিশেষজ্ঞ হিসেবে চুয়েটের সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক জাহাঙ্গীর আলম ও ভূমিকম্প প্রকৌশল গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মো. আবদুর রহমান ভূঁইয়ার নাম প্রস্তাব করা হয়েছে।’
চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ফারুক-উজ-জামান চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, সিডিএর একটি প্রতিনিধিদল দুজন বিশেষজ্ঞ চেয়ে উপাচার্য বরাবর চিঠি দিয়েছে। কিন্তু উপাচার্য দাপ্তরিক কাজে এখন ঢাকায় অবস্থান করছেন। তিনি কাল মঙ্গলবার অফিস করবেন। তখন তিনি সবার সঙ্গে আলাপ-আলোচনা করে বিশেষজ্ঞদের নাম নির্ধারণ করবেন।
গত বুধবার রাতের ভূমিকম্পে চট্টগ্রাম নগরের চান্দগাঁও আবাসিক এলাকায় একটি, নিউমার্কেট এলাকায় দুটি, এনায়েতবাজারে একটি, হালিশহর আবাসিক এলাকায় একটি, ওয়াসা মোড়ে একটি, ঝাউতলায় একটি, জিইসি মোড়ে একটি ও রহমতগঞ্জ এলাকায় একটি ভবন হেলে পড়ে। এ নয়টি ভবনের মধ্যে আবাসিক তিনটি, বাণিজ্যিক পাঁচটি ও একটি ভবনে কিন্ডারগার্টেন রয়েছে।
হেলে পড়া ভবনের বর্তমান অবস্থা ও করণীয় নির্ধারণ করতে সিডিএর প্রধান নগর পরিকল্পনাবিদ (ভারপ্রাপ্ত) শাহীন উল ইসলাম খানকে প্রধান করে তিন সদস্যর কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্যরা হলেন দুই অথরাইজড কর্মকর্তা মোহাম্মদ শামীম ও মোহাম্মদ ইলিয়াছ।