বিশেষজ্ঞ প্যানেল আজ আবার আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু বিষয়ে গঠিত বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ প্যানেলের সঙ্গে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দ্বিতীয় দফার প্রথম বৈঠক হবে আগামীকাল রোববার। প্যানেলের সদস্যরা বাংলাদেশে আসছেন আজ শনিবার।গত বুধবার সন্ধ্যায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সংস্থার চেয়ারম্যান গোলাম রহমান। ওই দিন বিশ্বব্যাংকের এক বিজ্ঞপ্তির বরাত দিয়ে তিনি বলেন, ‘১ তারিখ বিশেষজ্ঞ প্যানেল আসবে, ২ তারিখ আমরা তাদের সঙ্গে বসব। তবে সময়টা এখনো নির্ধারণ করা হয়নি।’ এর আগে গত ১৪ অক্টোবর বিশ্বব্যাংকের আন্তর্জাতিক বিশেষজ্ঞ প্যানেল প্রথম দফায় ঢাকায় আসে। প্যানেলটির প্রধান আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সাবেক প্রধান প্রসিকিউটর লুই গ্যাব্রিয়েল ওকাম্পো। অন্যরা হলেন হংকংয়ের দুর্নীতিবিরোধী স্বাধীন কমিশনের সাবেক কমিশনার টিমোথি টং ও যুক্তরাজ্যের দুর্নীতি দমন কার্যালয়ের সাবেক পরিচালক রিচার্ড অল্ডারম্যান।দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত বিভাগ সূত্র জানায়, বিশ্বব্যাংকের সঙ্গে পদ্ম সেতু প্রকল্পের বিষয়ে দুদকের অনুসন্ধান সম্পর্কে আলোচনা হবে। বিশেষ করে দুদকের অনুসন্ধান দলের কার্যক্রমের অগ্রগতি, তাদের কাছে বিবেচ্য বিষয়। এ ছাড়া বিশ্বব্যাংক বাংলাদেশে অবস্থানরত অবস্থায় দুদকের পক্ষ থেকে পদ্মা সেতুর পরামর্শক নিয়োগে অনিয়ম বিষয়ে অনুসন্ধানের প্রতিবেদন ও সংশ্লিষ্ট বিষয়ে মামলা করার চিন্তাভাবনা করছে দুদক কর্তৃপক্ষ। পদ্মা সেতু বিষয়ে দুদকের অনুসন্ধান দল আগামী ৩ বা ৪ ডিসেম্বর কমিশনে প্রতিবেদন জমা দিতে পারে বলে প্রথম আলোকে মুঠোফোনে জানান দুদক চেয়ারম্যান গোলাম রহমান।