বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে বসছে সংবিধান সংশোধন কমিটি
সংবিধান সংশোধনে গঠিত সংসদের বিশেষ কমিটি ২৩ সেপ্টেম্বর সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করে তাঁদের মতামত নেবে। গতকাল রোববার দুপুরে সংসদ ভবনে বিশেষ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বিশেষজ্ঞদের নাম চূড়ান্ত করে সম্ভাব্য দ্রুততম সময়ে তাঁদের কাছে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।কমিটির সভাপতি সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্তসহ অধিকাংশ সদস্য যোগ দেন। আইনমন্ত্রী শফিক আহমেদ ও আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি আবদুর রশিদ বিশেষ আমন্ত্রণে সভায় যোগ দেন। গতকালের সভায় কমিটির সদস্য ছাড়া কোনো কর্মকর্তা ছিলেন না।বৈঠকের পর কমিটির মুখপাত্র সুরঞ্জিত সেনগুপ্ত সাংবাদিকদের বলেন, ইতিপূর্বে বিভিন্ন অধ্যাদেশ নিয়ে আলোচনার সময় যেসব সংবিধান বিশেষজ্ঞকে ডাকা হয়েছিল, এবারও তাঁদেরই ডাকা হচ্ছে। তিনি কোনো নাম উল্লেখ করেননি।সুরঞ্জিত জানান, বিশেষজ্ঞদের মতামত নেওয়ার পরই কমিটি পরবর্তী কাজ শুরু করবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশেষজ্ঞরা সংবিধান সংশোধনের জন্য যেকোনো ধরনের মতামত দিতে পারবেন। তাঁদের কোনো বিষয় নির্দিষ্ট করে দেওয়া হবে না। বিশেষজ্ঞদের সংখ্যা আট থেকে ১০ জন হবে বলে জানান আ ওয়ামী লীগের এ প্রবীণ নেতা। সংবিধান সংশোধনের লক্ষ্যে গত ২১ জুলাই জাতীয় সংসদে ১৫ সদস্যের এ কমিটি গঠন করা হয়। সংসদীয় কমিটির বৈঠকে কোরাম নেই: কোরাম না হওয়ায় পরিকল্পনা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক মুলতবি করা হয়েছে। গতকাল দুপুরে সংসদ ভবনে এ বৈঠক হওয়ার কথা থাকলেও কমিটির সভাপতি অলি আহমদ ছাড়া আর কেউই উপস্থিত হননি। ঘণ্টাখানেক অপেক্ষার পর কোরাম না হওয়ায় বৈঠক মুলতবি ঘোষণা করেন সভাপতি। এর কিছুক্ষণ পর কমিটির সদস্য আ ন ম শামসুল ইসলাম উপস্থিত হন। পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকারসহ কমিটির দুই সদস্য বর্তমানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে নিউইয়র্কে রয়েছেন। বৈঠক মুলতবি করা প্রসঙ্গে জানতে চাইলে কমিটির সভাপতি অলি আহমদ সাংবাদিকদের বলেন, ‘তাঁরা (কমিটির সদস্যরা) মনে হয় এখনো ঈদের ছুটিতে আটকে আছেন। তাই হয়তো আসেননি।’ অলি আহমদ জানান, বিষয়টি তিনি স্পিকারকে জানাবেন।