দেশের পোশাক কারাখানার কর্মপরিবেশ উন্নয়ন, নতুন বিনিয়োগ ও পণ্যের উৎপাদন ব্যয় কমাতে কম সুদে ঋণ প্রয়োজন। আর সেই যুক্তি দিয়েই সরকারের কাছে একটি বিশেষায়িত ব্যাংক প্রতিষ্ঠার দাবি করল তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।
চট্টগ্রামের একটি অভিজাত হোটেলে বিজিএমইএ আয়োজিত বাংলাদেশ অ্যাপারেল অ্যান্ড সেফটি এক্সপোর দ্বিতীয় দিন গতকাল শুক্রবার সকালে ফাইন্যান্সিং অ্যাপারেল গ্রোথ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম বিশেষায়িত ব্যাংকের দাবি জানান।
ব্যাংকের পক্ষের যুক্তি দেখিয়ে আতিকুল ইসলাম বলেন, ‘আমাদের ৪০ শতাংশ পোশাক কারখানাই শেয়ারড বিল্ডিংয়ে (অন্য ভবনে থাকা কারখানা)। এসব কারখানাকে একটি মানে পৌঁছাতে হলে অন্য জায়গায় স্থানান্তর করতে হবে। না হলে ক্রেতা প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতে ক্রয়াদেশ দেবে না।’
বিজিএমইএ সভাপতি বলেন, পোশাক কারখানার কর্মপরিবেশ উন্নয়নে জাপানের বৈদেশিক সহায়তা সংস্থা জাইকা শূন্য দশমিক ০১ শতাংশ সুদে ৪০ বছরের জন্য আমাদের ঋণ দিয়েছে। তবে কারখানা মালিকদের কাছে পৌঁছাতে পৌঁছাতে সেই সুদের হার ১০ শতাংশে গিয়ে দাঁড়ায়। কারণ এই ঋণ বিতরণে কেন্দ্রীয় ব্যাংক ১ শতাংশ, সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ৪ ও বাণিজ্যিক ব্যাংক ৫ শতাংশ মুনাফা করছে।
বিজিএমইএর দাবির পরিপ্রেক্ষিতে সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘আমি সর্বোচ্চ চেষ্টা করব, পোশাকশিল্পের জন্য বিশেষায়িত ব্যাংক করা যায় কি না।’ তিনি বলেন, কৃষি ও কর্মসংস্থানের জন্য বিশেষায়িত ব্যাংক থাকলে পোশাকশিল্পের জন্যও হতে পারে।
পরিকল্পনামন্ত্রী ইতিবাচক মনোভাব দেখানোর পর বিজিএমইএ সভাপতি সাংবাদিকদের বলেন, ঢাকায় ফিরেই ব্যাংকের বিষয়ে তাঁরা আনুষ্ঠানিকভাবে সরকারের কাছে আবেদন করবেন।
গত ডিসেম্বরে ঢাকায় আয়োজিত অ্যাপারেল সামিটে বিজিএমইএ ২০২১ সালের মধ্যে পাঁচ হাজার কোটি ডলারের পোশাক রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। তারই ধারাবাহিকতায় অনুষ্ঠিত হচ্ছে এই প্রদর্শনী ও সেমিনার। ফলে পুরো আয়োজনেই কীভাবে পোশাক রপ্তানির ওই লক্ষ্যে পৌঁছানো সম্ভব, তা নিয়ে আলোচনা হচ্ছে।
ফাইন্যান্সিং অ্যাপারেল গ্রোথ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন বিজিএমইএর উপদেষ্টা মামুন রশীদ। তিনি বলেন, কারখানার কর্মপরিবেশ উন্নয়নে বাংলাদেশের ব্যাংকের উচিত আরও বেশি করে বিদেশি অর্থায়ন নিয়ে আসা। এটি করা গেলে কারখানা মালিকেরা কম সুদে ঋণ পাবেন।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, পাঁচ হাজার কোটি ডলারের লক্ষ্যে যেতে হলে শুধু দেশি বিনিয়োগ দিয়ে হবে না। সে জন্য অবশ্যই বিদেশি বিনিয়োগ প্রয়োজন।
একাধিক বক্তা ছোট ও মাঝারি পোশাক কারখানার মানোন্নয়ন ও স্থানান্তরের জন্য সহজ শর্ত ও কম সুদে অর্থায়ন দেওয়ার বিষয়ে কথা বলেন।
সেমিনারে অন্যান্যের মধ্যে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আহসান উল্লাহ, বিজিএমইএর সাবেক সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী, দক্ষিণ আমেরিকার ক্রেতাদের জোট অ্যালায়েন্সের ব্যবস্থাপনা পরিচালক মেসবাহ রবিন, কলোরাডো বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জেনিফার বেয়ার প্রমুখ বক্তব্য দেন। বিকেলে ২০২১ সালের মধ্যে পাঁচ হাজার কোটি ডলার অর্জনের জন্য বন্দর, কাস্টমস, গ্যাস-বিদ্যুৎ ও অবকাঠামোর সক্ষমতা বাড়ানোর বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়।
গত বৃহস্পতিবার বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ তিন দিনের এই প্রদর্শনীর উদ্বোধন করেন। এতে তৈরি পোশাক, ফেব্রিকস, পোশাকশিল্পের সরঞ্জাম ও যন্ত্রপাতি, অগ্নিনির্বাপণ যন্ত্র, সেবাদান প্রতিষ্ঠান ও বিজিএমইএর স্টল আছে ৬৬টি। আজ শনিবার পর্যন্ত প্রদর্শনী চলবে। সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য প্রদর্শনী উন্মুক্ত থাকবে।