দেশের কিছু হাসপাতালে ইবোলা ভাইরাসের বিশেষায়িত চিকিৎসা দেওয়ার ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
গতকাল বুধবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মো. আতাউর রহমান খান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ এ আদেশ দেন।
ইবোলা ভাইরাস সংক্রমণ রোধে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ ১৬ অক্টোবর রিটটি করে।
আদালতে রিটের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও সহকারী অ্যাটর্নি জেনারেল কে এম মাসুদ রুমি।
পরে কে এম মাসুদ রুমি প্রথম আলোকে বলেন, আফ্রিকা থেকে আগত খুলনা, বরিশাল ও মাদারীপুরের ছয় ব্যক্তি ইবোলা ভাইরাসে আক্রান্ত কি না তা নিশ্চিত হতে তাঁদের স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ এবং আক্রান্ত হলে বিশেষায়িত হাসপাতালে তাঁদের চিকিৎসা দিতে বলেছেন আদালত। এ বিষয়ে দুই সপ্তাহের মধ্যে অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
আইনজীবী মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, দেশের কিছু হাসপাতালে ইবোলা ভাইরাসের বিশেষায়িত চিকিৎসা দেওয়ার ব্যবস্থা গ্রহণে নির্দেশ দেওয়া হয়েছে। বিদেশ থেকে আগত ব্যক্তিদের পর্যবেক্ষণ বা নিরীক্ষায় দেশের সব বিমান, স্থল ও নৌবন্দরে মেডিকেল ও তদারক দল নিয়োজিত করতে নির্দেশ দিয়েছেন আদালত।
এর আগে আরেকটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০ অক্টোবর হাইকোর্টের অপর একটি দ্বৈত বেঞ্চ রুলসহ আদেশ দেন। আদালত আফ্রিকার ইবোলা আক্রান্ত দেশগুলো থেকে আসা যাত্রীদের ক্ষেত্রে ইবোলা ভাইরাস শনাক্তে দেশের সব বিমান, সমুদ্র ও স্থলবন্দর এবং সীমান্ত এলাকায় প্রয়োজনীয় (সশস্ত্র বাহিনীর সাহায্য নিয়ে) ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।