বিশ্ব অটিজম দিবস পালন
বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে বেসরকারি সংস্থা ফাউন্ডেশন ফর উইমেন অ্যান্ড চাইল্ড অ্যাসিস্ট্যান্স রাজশাহী নগরে মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। গতকাল শনিবার নগরের শহীদ এ এইচ এম কামারুজ্জামান চত্বরে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্থার প্রধান পেট্রোন ও মেন্টর সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম-উল-আযীম, রাজশাহী শিল্প ও বণিক সমিতির সভাপতি মনিরুজ্জামান, সংস্থার পেট্রোন ও মেন্টর শাহীন আকতার, সংস্থার সভাপতি সাদিকুর রহমান, নির্বাহী পরিচালক ওয়াহিদা খানম প্রমুখ।
উদ্বোধন শেষে একটি শোভাযাত্রা নগরের কাদিরগঞ্জের স্বপ্নিল কমিউনিটি সেন্টার চত্বরে এসে শেষ হয়। স্বপ্নিল গ্যালারিতে অটিস্টিক শিশুদের আঁকা চিত্রকর্মের প্রদর্শনী করা হয়। এরপর শাহীন আকতার রেণীর সভাপতিত্বে শুরু হয় আলোচনা সভা। এতে স্বাগত বক্তব্য দেন সাদিকুর রহমান এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়াহিদা খানম।
এদিকে দিবসটি পালন উপলক্ষে সকাল সাড়ে ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুল ইসলাম, শিশু বিশেষজ্ঞ বেনজির আহমেদ, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আল মামুন, সমাজসেবা কর্মকর্তা রবিউল ইসলাম প্রমুখ।
রাজশাহীতে আ.লীগের প্রার্থী বাছাই
দুই পক্ষের সংঘর্ষ, দলীয় সাংসদের গাড়ি ভাঙচুর
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীর দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়ন পরিষদে (ইউপি) গতকাল শনিবার আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী বাছাই অনুষ্ঠানে সাংসদের উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় সাংসদ আবদুল ওয়াদুদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের নজরুল ইসলামের গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় অন্তত ৩০ ব্যক্তি আহত হয়েছেন।
আহত ব্যক্তিদের মধ্যে রসুলপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলালসহ পাঁচজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকেলে জয়নগর ইউপির চেয়ারম্যান প্রার্থী বাছাই করতে রসুলপুর উচ্চবিদ্যালয়ের মাঠে বর্ধিত সভা চলছিল। সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাংসদ কাজী আবদুল ওয়াদুদ। সভা শুরুর কিছুক্ষণ পর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মজিদের নেতৃত্বে দেড়-দুই হাজার নেতা-কর্মী বিদ্যালয়ের মাঠে এসে জড়ো হন। এ নিয়ে মজিদ ও সাংসদের পক্ষের নেতা-কর্মীদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ক্ষুব্ধ আবদুল মজিদের পক্ষের নেতা-কর্মীরা সাংসদ আবদুল ওয়াদুদ এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামের গাড়ি ভাঙচুর করেন। একপর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে নেতা-কর্মীদের পাহারায় সাংসদ এলাকা ত্যাগ করেন।
জানতে চাইলে আবদুল মজিদ বলেন, ‘আমি লোকজন নিয়ে সভাস্থলে গিয়ে দেখি আগে থেকেই সাংসদের লোকজন লাঠিসোঁটা নিয়ে বসে আছে। লাঠি নিয়ে কেন প্রার্থী বাছাই করা হচ্ছে জানতে চাইলে সাংসদের পছন্দের প্রার্থী জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হকের নেতৃত্বে তাঁর লোকজন আমার ওপর হামলা চালায়। হাতুড়ি দিয়ে আমার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে।’ তিনি জানান, পরে তিনি একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
সাংসদ আবদুল ওয়াদুদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে সেটি বন্ধ পাওয়া যায়। সাংসদের পক্ষে তাঁর ব্যক্তিগত সহকারী আবদুস সাত্তার সাংবাদিকদের ই-মেইলে জানান, আবদুল মজিদকে একজন সন্ত্রাসী মানুষ হিসেবেই দুর্গাপুরের মানুষ জানে। জেলা আওয়ামী লীগের পদে থেকে এ রকম সন্ত্রাসী কার্যকলাপ করলেন, তা মোটেই কাম্য নয়। তাঁর বিরুদ্ধে অবিলম্বে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মুঠোফোনে যোগাযোগ করা হলে সাত্তার বলেন, এটিই সাংসদের বক্তব্য।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। এ ঘটনার কোনো মামলা হয়নি।
মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক চিকিৎসাসেবা
চিকিৎসক–সংকটের মধ্যেও অনন্য
নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল শনিবার বৈকালিক চিকিৎসাসেবা চালুর বর্ষপূর্তি উদ্যাপন করা হয়। চিকিৎসক-সংকটের মধ্যেও স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে চালু হওয়া বৈকালিক চিকিৎসাসেবা স্বাস্থ্যসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
বৈকালিক চিকিৎসাসেবা চালুর এক বছর পূর্তি ও এলাকাবাসীর মধ্যে এ সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা, স্বাস্থ্য শিক্ষাবিষয়ক প্রদর্শনী, স্বেচ্ছায় রক্তদান এবং বিনা মূল্যে রক্তের গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়। কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজ উদ্দীন প্রামাণিক। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ফরিদ উজ-জামান। বিশেষ অতিথি ছিলেন জেলার সিভিল সার্জন এ কে এম মোজাহার হোসেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সারা দেশে হাসপাতালের বহির্বিভাগে সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত চিকিৎসাসেবা দেওয়া হয়। কিন্তু রোগীর চাপ বেশি থাকায় দরিদ্র ও খেটে খাওয়া মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত হচ্ছিল না। এলাকাবাসীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত বছরের ২৫ মার্চ থেকে ব্যতিক্রমী চিকিৎসাসেবা চালু করা হয়। সকালের বহির্বিভাগ চিকিৎসাসেবার পাশাপাশি চালু করা হয় বৈকালিক বহির্বিভাগ সেবা। বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজ উদ্দীন প্রামাণিকের পৃষ্ঠপোষকতায় সিভিল সার্জন মোজাহার হোসেন নবীন চিকিৎসকদের সমন্বয়ে এ কার্যক্রম চালু করেন। শুক্রবার বাদে সপ্তাহে ছয় দিন এ সেবা দেওয়া হয়। গ্রীষ্মকালে প্রতিদিন বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এবং শীতকালে বেলা তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এ সেবা দেওয়া হয়। গত এক বছরে বৈকালিক বহির্বিভাগ সেবা থেকে চিকিৎসা নিয়েছে ১৪ হাজার ৩৬৭ জন রোগী। এর মধ্যে ৩ হাজার ৭৮৯ জন পুরুষ, ৭ হাজার ৪৮১ জন নারী ও ৩ হাজার ৯৭ জন শিশু চিকিৎসাসেবা পেয়েছে। হাসপাতালটির অনুমোদিত চিকিৎসক পদের সংখ্যা ২২। কিন্তু বর্তমানে কর্মরত রয়েছেন ১০ জন।
মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহির্বিভাগ সূত্রে জানা যায়, নিয়মিত স্বাস্থ্যসেবার পাশাপাশি বৈকালিক চিকিৎসাসেবায় প্রতিদিন গড়ে ৪০ থেকে ৫০ জন রোগী সেবা নিয়ে থাকে।
গতকাল বিকেলে চিকিৎসা নিতে আসা নাসিমা, জাহানারা, জরিনা, মেহেদী ও মনোয়ারাসহ ছয়-সাতজন রোগীর সঙ্গে কথা বলে জানা গেল, হাসপাতালের এ বিশেষ উদ্যোগে তারা উপকৃত হচ্ছে। জাহানারা বলেন, ‘সকালে রোগীর চাপ বেশি থাকে। অনেক সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। তাই বৈকালিক সেবা চালু হওয়ার পর থেকে বিকেলেই হাসপাতালে চিকিৎসা নিতে আসি।’
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ফরিদ-উজ-জামান বলেন, এ সেবা চালু হওয়ার অল্প দিনেই এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া পড়ে। কিন্তু বর্তমানে চিকিৎসক-সংকটের কারণে এ সেবা কিছুটা হলেও ধাক্কা খেয়েছে। মাত্র ১০ জন চিকিৎসক দিয়ে জরুরি চিকিৎসাসেবা, সকালের বহির্বিভাগ সেবা ও বৈকালিক চিকিৎসাসেবা চালাতে হচ্ছে। তিনি আরও বলেন, চিকিৎসকেরা বিকেলে প্র্যাকটিস বাদ দিয়ে এই সেবা চালিয়ে যাচ্ছেন।
মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হওয়া বৈকালিক চিকিৎসাসেবার সাফল্যে অনুপ্রাণিত হয়ে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও এ সেবা চালু করা হয়।
বদলগাছী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জাহিদ নজরুল চৌধুরী মুঠোফোনে বলেন, মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাফল্যে অনুপ্রাণিত হয়ে গত বছরের ১৬ আগস্ট এ স্বাস্থ্য কমপ্লেক্সেও বৈকালিক চিকিৎসাসেবা চালু করা হয়। গত সাত মাসে এখানে প্রায় সাড়ে চার হাজার রোগী বৈকালিক চিকিৎসাসেবা থেকে সেবা নিয়েছে বলে তিনি জানান।
সিভিল সার্জন এ কে এম মোজাহার হোসেন বলেন, চিকিৎসক-সংকট কাটিয়ে উঠতে অচিরেই মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। বৈকালিক চিকিৎসাসেবা চালু রাখতে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।
সিরাজগঞ্জে শিশুর শ্লীলতাহানি
বাদীপক্ষের হুমকিতে পরিবার গ্রামছাড়া
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় শিশুর (৪) শ্লীলতাহানির ঘটনায় মামলা করায় প্রভাবশালী ব্যক্তিদের হুমকির কারণে বাদীর পরিবার গ্রামছাড়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মামলা তুলে না নিলে বাদীর স্বজনদেরও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।
এদিকে মামলার পর পাঁচ দিন পার হলেও পুলিশের গাফিলতির কারণে শিশুটির ডাক্তারি পরীক্ষা হচ্ছে না। নাম প্রকাশ না করার শর্তে শিশুটির স্বজন ও গ্রামের কয়েকজন বলেন, থানা ‘ম্যানেজ’ করায় পুলিশ আসামি ধরছে না। ডাক্তারি পরীক্ষায় যাতে আলামত পাওয়া না যায়, সে জন্য পুলিশ সময়ক্ষেপণ করছে।
এজাহার ও পরিবার সূত্রে জানা যায়, ২৫ মার্চ ওই শিশুর শ্লীলতাহানি করা হয়। স্থানীয় প্রভাবশালীরা গ্রাম্য সালিসে ১৫ হাজার টাকায় এ ঘটনা মিটমাটের চেষ্টা করেন। তা না মেনে গত রোববার শিশুটির মা স্থানীয় প্রভাবশালী রোস্তম আলীর ছেলে মনিরুল ইসলামের (২০) বিরুদ্ধে মামলা করেন। এরপর থেকে মনিরুলের আত্মীয় ও প্রভাবশালী মাতবররা মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছেন। মামলা তুলে না নেওয়ায় তাঁদের গ্রামছাড়া করা হয়েছে।
শিশুটির মা বলেন, ‘বৃহস্পতিবার পুলিশ মেয়েকে নিয়ে থানায় আসতে বলে। সামান্য দেরি হওয়ায় ওই দিন নিয়ে যাওয়া হয়নি। এরপর গতকাল পর্যন্ত ডাক্তারি পরীক্ষা হয়নি। মামলা তুলে নেওয়ার জন্য আজিজুল হক, ছানোয়ার হোসেন ও নুরুন্নবী হুমকি দিচ্ছেন। তাঁদের ভয়ে আত্মীয়র বাড়িতে আশ্রয় নিয়েছি।’
আজিজুল হকের মুঠোফোনে গতকাল শনিবার একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে। ছানোয়ার ও নুরুন্নবীর সঙ্গেও যোগাযোগ করা যায়নি।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, নির্বাচনের দায়িত্ব থাকায় বৃহস্পতিবার ডাক্তারি পরীক্ষা করাতে নিয়ে যাওয়া হয়নি। পরদিন শুক্রবার হওয়ায় যাওয়া হয়নি। আজকালের মধ্যেই শিশুটির ডাক্তারি পরীক্ষা করা হবে। আসামিকে গ্রেপ্তারসহ হুমকিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ-সংক্রান্ত একটি প্রতিবেদন গত মঙ্গলবার প্রথম আলোয় প্রকাশিত হয়।
ঠিকাদার-খাদ্য কর্মকর্তার দ্বন্দ্ব
বড়াইগ্রামে ওএমএসের চাল বিক্রি বন্ধ তিন দিন
নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রাম উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পরিবহন ঠিকাদারের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে। এর জেরে গত বৃহস্পতিবার থেকে সরকারের নির্ধারিত সুলভমূল্যে খোলা বাজারে (ওএমএস) চাল বিক্রি বন্ধ রয়েছে।
ওই কর্মকর্তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনেছেন এক ঠিকাদার। তবে এ অভিযোগ অস্বীকার করে তিনি বলেছেন, নিম্নমানের চাল খালাস করতে না দেওয়ায় ঠিকাদার তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুস সালাম প্রথম আলোকে বলেন, ‘বড়াইগ্রামের জন্য পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি খাদ্যগুদাম থেকে ওএমএসের ৩০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। গত বুধবার সকালে দুই ট্রাক চাল বড়াইগ্রামের বনপাড়া গুদামে আসে। তবে এ চাল খালাস করতে দেওয়া হয়নি। পরে ট্রাক দুটি আবার ফিরে যায়। এ ঘটনায় ওই দিন বিকেলে পরিবহন ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম আমার কাছে উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশানুল কাওছারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। এতে তাঁর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে। রওশানুলকে সরানো না হলে ঠিকাদারেরা চাল পরিবহন করবেন না বলেও অভিযোগে হুঁশিয়ারি দিয়েছেন।’
ঠিকাদার শাহ আলম বলেন, গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্ধারিত হারে চাঁদা না পাওয়া পর্যন্ত ট্রাক থেকে চাল নামানোর অনুমতি দেন না। ঘণ্টার পর ঘণ্টা ট্রাক দাঁড় করিয়ে রাখেন। এভাবে চাল পরিবহন করা যাবে না। এ কারণে তাঁর অপসারণ দাবি করা হয়েছে। অভিযোগটির অনুলিপি খাদ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও পাঠানো হয়েছে।
মাঝগাঁও ইউনিয়নের ওএমএস চালের ডিলার আবু বকর সিদ্দিক ও বনপাড়া পৌরসভার হারুন অর রশিদ বলেন, বৃহস্পতিবার থেকে চাহিদাপত্রের (ডিও) বিপরীতে গুদাম থেকে চাল সরবরাহ করা হচ্ছে না। ফলে তাঁরাও স্বল্প আয়ের মানুষের কাছে সুলভমূল্যে চাল বিক্রি করতে পারছেন না। এতে গরিব মানুষের ভোগান্তি বেড়েছে।
অভিযোগ অস্বীকার করে উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-এলএসডি) রওশানুল কাওছার বলেন, ‘মুলাডুলি গুদামের নিম্নমানের চাল আমি খালাস করতে না দেওয়ায় ঠিকাদারেরা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন। ভালো চাল এলেই ওএমএস অব্যাহত থাকবে।’
জানতে চাইলে বড়াইগ্রামের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন বলেন, বিষয়টি তাঁর জানা নেই। খোঁজ নিয়ে তিনি ব্যবস্থা নেবেন।
আ.লীগ সাংসদের ইউপিতে স্বতন্ত্র প্রার্থীর জয়
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের স্থানীয় সাংসদ মন্জুরুল ইসলামের সর্বানন্দ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। সর্বানন্দের পাশের বামনডাঙ্গা ইউপিতেও জয়ী হন বিএনপির প্রার্থী। এ নিয়ে সাংসদ ও দলীয় নেতা-কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে।
দ্বিতীয় দফায় গত বৃহস্পতিবার অনুষ্ঠিত সুন্দরগঞ্জের ১২টি ইউপি নির্বাচনে আওয়ামী লীগের পাঁচজন, বিএনপির দুজন ও স্বতন্ত্র পাঁচজন চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হন। এর মধ্যে সাংসদের সর্বানন্দ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মাহাবুর রহমান ১ হাজার ১৭৭ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। তিনি পান ৫ হাজার ৬৪ ভোট। তাঁর নিকটতম অপর স্বতন্ত্র প্রার্থী শাহজাহান মিয়া পেয়েছেন ৩ হাজার ৮৮৭ ভোট। এখানে আওয়ামী লীগের রফিকুল ইসলাম পান ১ হাজার ৫১০ ভোট। এই ইউনিয়নে ভোট পাওয়ার ক্ষেত্রে মোট নয়জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে রফিকুল ষষ্ঠ স্থানে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই ইউনিয়নের এক আওয়ামী লীগ নেতা বলেন, সাংসদ উপজেলা আওয়ামী লীগের সভাপতি। এ ছাড়া সর্বানন্দ ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামে সাংসদের বাড়ি। অথচ তাঁর নিজের ইউনিয়নে দলীয় প্রার্থীর পরাজয়ে অনেক নেতা-কর্মী হতাশ। এর কারণ উল্লেখ করে ওই নেতা বলেন, গত বছরের ২ অক্টোবর সাংসদের গুলিতে এক শিশু আহত হয়। এ ছাড়া সম্প্রতি অনুষ্ঠিত সুন্দরগঞ্জ পৌরসভা নির্বাচনে সাংসদ মন্জুরুল দলীয় মেয়র প্রার্থী মনোনয়নে যে পাঁচজনের নাম কেন্দ্রে পাঠান, কেন্দ্রীয় কমিটি সেই পাঁচজনের নাম বাদ দিয়ে আবদুল্যাহ আল মামুনকে দলীয় মনোনয়ন দেয়। সাংসদের বিরোধিতার পরও আবদুল্যাহ আল মামুন বিপুল ভোটে বিজয়ী হন। এসব ঘটনায় এলাকায় সাংসদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। ফলে ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর পরাজয় ঘটে।
পরাজিত দলীয় প্রার্থী রফিকুল ইসলাম দাবি করেন, ‘ইউনিয়নটি জামায়াত-অধ্যুষিত। ২০১৩ সালে সাঈদীর রায়ের খবর শুনে জামায়াত-শিবির চার পুলিশ হত্যাসহ সুন্দরগঞ্জে নাশকতা চালায়। ওই সময় মাহাবুর রহমানকে সাংসদের বামনডাঙ্গাস্থ ব্যবসায়িক প্রতিষ্ঠান ভাঙচুর মামলার আসামি করা হয়। এ কারণে জামায়াত-বিএনপির ভোটও তিনি পান। এ ছাড়া স্থানীয় সাংসদ ও দল আমাকে সহায়তা করেনি। ফলে আমি পরাজিত হই।’
নির্বাচিত চেয়ারম্যান মাহাবুর রহমান দাবি করেন, ‘আমি গত ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি। তাই আমার প্রতিপক্ষ আক্রোশমূলক আমাকে ওই মামলায় আসামি করে। পরে অভিযোগপত্র থেকে আমার নাম বাদ দেওয়া হয়। এই ইস্যু নিয়ে এখনো আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।’
নিজের ইউনিয়নে দলীয় প্রার্থীর ভরাডুবি কেন জানতে চাইলে সাংসদ মন্জুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমাদের দলীয় প্রার্থী এলাকায় থাকেন না। আগে থেকে জনসংযোগও করেননি। এই সুযোগে মাহাবুর রহমান নির্বাচিত হন।’
এদিকে সাংসদের পাশের বামনডাঙ্গা ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী নাজমুল হুদা ৭ হাজার ২৪৮ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের শমেস উদ্দিন পেয়েছেন ৪ হাজার ২০৩ ভোট। দলীয় সূত্রে জানা যায়, এখানে ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সহসভাপতি মজনু মিয়া ও সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম দলীয় প্রার্থী থাকতেও স্বতন্ত্র প্রার্থী হন। পরাজিত শমেস উদ্দিন বলেন, সাংসদের নানা কর্মকাণ্ডের কারণে এখানকার লোকজন ক্ষুব্ধ। এ ছাড়া এখানে তাঁর প্রতিপক্ষ শক্তিশালী। এসব কারণে আমার পরাজয় হয়েছে।’
এ প্রসঙ্গে সাংসদ মন্জুরুল বলেন, বিদ্রোহীদের কারণে ভোট ভাগাভাগি হওয়ায় বামনডাঙ্গায় দলীয় প্রার্থীর পরাজয় হয়েছে।
নানা কর্মসূচিতে বিশ্ব অটিজম দিবস পালিত
বিশাল বাংলা ডেস্ক
আলোচনা সভা, শোভাযাত্রা, মানববন্ধনসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে গতকাল শনিবার বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। বিভিন্ন স্থানে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রংপুর: সকালে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুব-উল করিম। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাহাত আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তৌহিদুল ইসলাম, জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশনের প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা ভক্ত প্রসাদ দাস, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা, রংপুর প্রতিবন্ধী ফাউন্ডেশনের সভাপতি আকবর হোসেন, বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিক ইকবাল প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এ অনুষ্ঠানে ১০ জন প্রতিবন্ধী শিশুকে পুরস্কৃত করা হয়। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। এদিকে সেনাবাহিনী দ্বারা পরিচালিত প্রতিবন্ধী শিক্ষাপ্রতিষ্ঠান ‘প্রয়াস’-এ প্রতিবন্ধী শিশুদের খেলাধুলা অনুষ্ঠিত হয়েছে।
কুড়িগ্রাম: সকালে স্বাধীনতা বিজয় স্তম্ভ থেকে শোভাযাত্রা শুরু হয়ে সাকির্ট হাউসের সম্মেলন কক্ষে সমবেত হয়। সেখানে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন। জেলা সমাজসেবার উপপরিচালক এস এম মমতাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সামিউল হক, সাবেক অধ্যক্ষ আফতাব হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাবিবুর রহমান, প্রতিবন্ধী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক আসাদুজ্জামান প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
নীলফামারী: সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জাকীর হোসেন। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আবদুর রাজ্জাকের সভাপতিত্বে বক্তব্য দেন পুলিশ সুপার মো. জাকির হোসেন খান, সিভিল সার্জন আবদুল রশীদ, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আফরোজা বেগম, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা নারী ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা, নীলফামারী শিল্প ও বণিক সমিতির সভাপতি সফিকুল আলম প্রমুখ। দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়।
গাইবান্ধা: সকালে শহরে শোভাযাত্রা বের হয়। পরে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আকরাম হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আবদুস সামাদ, সদর উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রশিদা বেগম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল মমিন খান, প্রতিবন্ধী সেবা ও সাহায্যকেন্দ্রের প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা মেহেদী হাসান, বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়েরপ্রধান শিক্ষক উদ্রিস আলী, সাংবাদিক সরকার শহিদুজ্জামান প্রমুখ।
বিরামপুর (দিনাজপুর): সকালে জেলা প্রশাসক মীর খায়রুল আলমের নেতৃত্বে শোভাযাত্রা দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিশু একাডেমী মিলনায়তনে গিয়ে শেষ হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক স্টিফেন মুমুর্র সভাপতিত্বে শিশু একাডেমিতে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. রুহুল আমিন। উপস্থিত ছিলেন সিভিল সার্জন অমলেন্দু বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু রায়হান মিয়া ও সাবেক সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মুছা মাহমুদ। সভা শেষে জেলা প্রশাসক বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক ছাত্রছাত্রীদের হাতে শিক্ষা ও বিনোদনমূলক উপকরণ তুলে দেন।
আম ও কাঁঠালগাছে ‘জায়ান্ট মিলিবাগ’ পোকার আক্রমণ
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় কাঁঠাল ও আমগাছে ‘জায়ান্ট মিলিবাগ’ পোকার আক্রমণ দেখা দিয়েছে। ফলে চাষিরা বিপাকে পড়েছেন।
ভুক্তভোগী কয়েকজন চাষি বলেন, উপজেলার পাঁচটি ইউনিয়নসহ পৌর এলাকার বিভিন্ন কাঁঠাল ও আমগাছের শিকড়ের ওপরের অংশ থেকে গা বেয়ে উঠে আঠার মতো লেগে আছে জায়ান্ট মিলিবাগ পোকা। এসব পোকা কাঁঠাল ও আমগাছগুলোর শাখা-প্রশাখার অগ্রভাগের কচি পাতা, কুশি, ডগা, ফলের বোঁটায় দলবদ্ধভাবে বসে চুষে খাচ্ছে অঙ্কুরিত ফলের রস। এতে কাঁঠালের মুচি, আমের মুকুল ও নতুন পাতাগুলো কালো বর্ণ হয়ে ঝরে পড়ছে। এ ছাড়া জায়ান্ট মিলিবাগ বিভিন্ন ফলদ গাছেও দেখা গেছে।
আক্রান্ত গাছসংলগ্ন ঘরের দেয়াল, মেঝে, দরজা, জানালায় এই পোকা দেখা যাচ্ছে। অনেকে অভিযোগ করে বলেন, এই পোকা যে বাড়ির কাঁঠাল ও আমগাছে দেখা যাচ্ছে, সেই বাড়ির লোকজন অ্যালার্জিসহ নানা ধরনের চর্মরোগে আক্রান্ত হচ্ছে। তাই এই পোকা থেকে রেহাই পেতে নানা প্রতিরোধ ব্যবস্থা প্রয়োগ করছেন তাঁরা। এরপরও কোনো লাভ হচ্ছে না বলে তাঁরা জানিয়েছেন।
শহরের রেজা সাইকেল গ্যারেজের মালিকরেজা বলেন, ‘এই পোকাটি দীর্ঘ পাঁচ বছর ধরে আমাদের আমগাছে দেখছি। প্রতিবছর এই মৌসুমে এদের বেশি দেখা যায়। আবার দাবদাহ যত বাড়বে, এর বৃদ্ধি তত বাড়বে। তবে বর্ষা এলে আর এগুলো দেখা যায় না।’
সৈয়দপুর উপজেলার উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুনীল কুমার দাস বলেন, ‘এই পোকাটি দমনে ফানেল ট্রেপ ব্যবহার করা যায়। এ ছাড়া ট্রেপ ও গাছের মাঝামাঝি বাকলের মধ্যে ফাঁকা জায়গায় মোম দিয়ে বন্ধ করে কীটনাশক ছিটিয়ে ও আক্রান্ত গাছের গোড়ার মাটি শোধন পদ্ধতির মাধ্যমে এই পোকা প্রতিরোধ করা যায়। আর এই পদ্ধতিগুলো ব্যবহার করতে আমরা নির্দেশনা দিচ্ছি আক্রান্ত গাছের মালিকদের।’
সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা হোমায়রা মণ্ডল বলেন, ‘কাঁঠাল ও আমগাছে জায়ান্ট মিলিবাগ পোকার আক্রমণ-সংক্রান্ত অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। যে গাছে একবার আক্রমণ করে, আবার পরের বছর সেই গাছেই ওঠে। তবে এটি দমন করা সম্ভব। এই পোকা দমনে সবচেয়ে বড় ওষুধ হলো পানি স্প্রে করা।’
বদরগঞ্জের কালুপাড়া মহদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
শিক্ষক–সংকটে পাঠদান করায় শিক্ষার্থীরা
বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
শিক্ষক তিনজন। শিক্ষার্থী ২৬১ জন। শ্রেণি ছয়টি। সকাল সাড়ে নয়টা থেকে বিকেল সোয়া চারটা পর্যন্ত চলে পাঠদান। একই সঙ্গে ক্লাস শুরু হয় ছয় শ্রেণির। এ কারণে দৌড়ে দৌড়ে শিক্ষকদের এক শ্রেণি থেকে আরেক শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান করাতে হয়। ওই বিদ্যালয়ের ওপরের শ্রেণির শিক্ষার্থী ক্লাস নেয় নিচের শ্রেণির। এ চিত্র রংপুরের বদরগঞ্জ উপজেলার কালুপাড়া মহদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের।
সম্প্রতি ওই বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ওই বিদ্যালয়ের দুই সহকারী শিক্ষক দুই শ্রেণিতে ক্লাস নিচ্ছেন। শিশু শ্রেণি, তৃতীয় ও পঞ্চম শ্রেণির ক্লাসে শিক্ষক নেই। চতুর্থ শ্রেণিতে দেখা যায়, এক শিক্ষার্থী ইংরেজি ক্লাস নিচ্ছে। জানা গেল, তার নাম সফি হোসেন। সে ওই শ্রেণিরই শিক্ষার্থী। সফি এই প্রতিবেদককে বলে, ‘স্যাররা আমাদের সব ক্লাস নেওয়ার সময় পায় না। তখন আমরাই একজন ক্লাস নিই।’
দ্বিতীয় শ্রেণিতে ক্লাস নিচ্ছিলেন দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ঝর্ণা দাস রানী। তিনি বলেন, ‘শিশুদের ক্লাস নিতে গিয়ে নাভিশ্বাস ওঠে। দ্বিতীয় শ্রেণিতে ৬৪ জন আর পাশে শিশু শ্রেণিতে আছে ৩২ জন শিক্ষার্থী। শিক্ষক-সংকটে দৌড়ে দৌড়ে একসঙ্গে আমাকে দু-তিনটি ক্লাস নিতে হয়। বিদ্যালয়ে ক্লাস চলে এক শিফটে। শিক্ষকের পদ রয়েছে প্রধান শিক্ষকসহ আটটি। এর মধ্যে সহকারী শিক্ষকের একটি পদ এক বছর ধরে শূন্য। বিদ্যালয়ে কাগজে-কলমে সাতজন শিক্ষক আছেন। কিন্তু আজ আমরা ক্লাসে আছি দুজন শিক্ষক। সহকারী শিক্ষক শ্যামল কুমার রায়কে নিয়ে একসঙ্গে ছয় শ্রেণির ক্লাস নিচ্ছি।’
ওই বিদ্যালয় সূত্রে জানা গেছে, সাতজন শিক্ষকের মধ্যে সহকারী শিক্ষিকা শারমিন আক্তার তিন বছর আগে প্রেষণে গেছেন। সহকারী শিক্ষিকা রোকেয়া বেগম গত বছরের ১ নভেম্বর থেকে মাতৃত্বকালীন ছুটিতে আছেন। সহকারী শিক্ষক ওয়ালীউল্লাহ গত ১ জানুয়ারি থেকে দেড় বছরের জন্য রংপুরে প্রশিক্ষণ করছেন। গত ১৮ মার্চ প্রধান শিক্ষক সুবোধ কুমার চক্রবর্তী ১৫ দিনের ছুটি নিয়ে ভারতে গেছেন। সহকারী শিক্ষক রুপালী বেগম এক দিনের ছুটি নিয়েছেন।
ঝর্ণা দাস বলেন, শিশুদের এক ক্লাসে রেখে আরেক ক্লাসে যাওয়া যায় না। তারা হই-হুল্লোড় ও চিৎকার শুরু করে দেয়। অনেক সময় মারামারিও করে।
সহকারী শিক্ষক শ্যামল কুমার রায় বলেন, ‘বিধি অনুযায়ী এক শিফটের স্কুলে সাতজন শিক্ষক থাকার কথা। বর্তমানে আছি তিনজন। সকাল সাড়ে নয়টা থেকে সোয়া চারটা পর্যন্ত ক্লাস নিতে হয়। কিন্তু আমরাও তো মানুষ, আমাদেরও জীবন আছে। প্রতিদিন এভাবে কি ক্লাস নেওয়া সম্ভব?’
ওই দুই শিক্ষক বলেন, তাঁরা কেউই আশপাশের এলাকার বাসিন্দা নন। সহকারী শিক্ষক শ্যামল কুমার রায় ১৮ কিলোমিটার, সহকারী শিক্ষিকা রুপালী বেগম ও ঝর্ণা দাস রানী ২৫ কিলোমিটার দূরে থেকে প্রতিদিন বিদ্যালয়ে যাওয়া-আসা করেন। বিদ্যালয়ে যোগাযোগের ব্যবস্থাও করুণ। তবু শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় এবার সমাপনী পরীক্ষার ফলাফলে বিদ্যালয়টি কালুপাড়া ইউনিয়নের মধ্যে সেরা হয়েছে।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হারুন অর রশিদ বলেন, বিদ্যালয়ে অন্য কোনো সমস্যা নেই। আছে শিক্ষক-সংকট। এটি নিরসন হলে বিদ্যালয়ে লেখাপড়ার মান আরও বৃদ্ধি পাবে।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন বলেন, ‘আমি নতুন এসেছি। সম্প্রতি ওই বিদ্যালয় পরিদর্শন করেছি। দু-তিনজন শিক্ষক দিয়ে কখনো এক শিফটে ক্লাস চলতে পারে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সেখানে শিক্ষক-সংকটের বিষয়টি সমাধান করব।’
উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহম্মেদ ওই বিদ্যালয়ে শিক্ষক-সংকটের সত্যতা নিশ্চিত করে বলেন, শিগগিরই সেখানে শিক্ষক দেওয়া হবে।
ঝড় ও শিলাবৃষ্টিতে ধান ও ভুট্টার ক্ষতির আশঙ্কা চলনবিলে
নাটোর প্রতিনিধি
কয়েক দফা ঝড় ও শিলাবৃষ্টিতে নাটোরের চলনবিল এলাকার বিস্তৃত জমির ধান ও ভুট্টাগাছ মাটিতে নুয়ে পড়েছে। একটানা রোদ না হলে এসব ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা।
সিংড়া উপজেলা কৃষি কার্যালয় ও কৃষকদের সূত্রে জানা গেছে, গত বৃহস্পতি ও শুক্রবার রাতে কয়েক দফায় ঝড় ও শিলাবৃষ্টিতে উপজেলার চলনবিল এলাকার প্রায় ৩০ হাজার হেক্টর কাঁচা-পাকা বোরো ধান ও ৩০০ হেক্টর ভুট্টাগাছ মাটির সঙ্গে লেপ্টে যায়। কয়েক দিন টানা রোদ না পেলে এসব ফসল পচে যেতে পারে।
ডাহিয়া গ্রামের কৃষক আবদুল আলিম বলেন, দুই দিনের ঝড়-বৃষ্টিতে তাঁর ৩০ বিঘা জমির ধানগাছ মাটিতে নুয়ে গেছে। কয়েক দিন রোদ না হলে এসব ধানগাছ আর দাঁড়াতে পারবে না। এতে ফসল উৎপাদন কমে যাবে।
একই আশঙ্কার কথা জানিয়েছেন সাতপুকুরিয়া গ্রামের এন্তাজ আলী ও টগর হোসেন এবং চৌগ্রামের আতাউল গণি ও শেরকোলের ব্রজেন দাস। তাজপুরের ভুট্টাচাষি মহসিন আলী বলেন, ঝড়ে তাঁর সাত বিঘা জমির ভুট্টাগাছ মাটিতে নুয়ে পড়ে। এতে তাঁর ফলন অর্ধেক কমে যাবে বলে তিনি আশঙ্কা করছেন। উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, টানা কয়েক দিন রোদ হলে ধানগাছ আবার সোজা হয়ে উঠবে। তাতে উৎপাদন ব্যাহত হবে না। রোদ না উঠলে ক্ষতির আশঙ্কা আছে। এ ক্ষেত্রে তিনি ধান ও ভুট্টাচাষিদের কাঠি দিয়ে ফসল তুলে দেওয়ার পরামর্শ দিয়েছেন।
পীরগঞ্জের সেই অভয়াশ্রম থেকে বালু তোলা বন্ধ
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় টাঙ্গন নদের অভয়াশ্রমের ভেতর থেকে গত শুক্রবার বালু তোলা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। গত বৃহস্পতিবার প্রথম আলোয় ‘বালু উত্তোলনে মৎস্য অভয়াশ্রম ও নদের তীর ঝুঁকিতে’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরে তারা ওই বালু উত্তোলন বন্ধ করে দেয়।
দেড় মাস ধরে উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নের ভামদা গ্রামের টাঙ্গন নদের গাঞ্জনদহ অভয়াশ্রমের শাখা ‘ভন্ডমনি’ এলাকা থেকে দুটি খননযন্ত্র (ড্রেজার) বসিয়ে বালু তোলা হচ্ছিল। এতে টাঙ্গন নদের পাড় ভেঙে যাচ্ছিল ও অভয়াশ্রমের মূল জলমহাল ক্ষতিগ্রস্ত হচ্ছিল।
ইউএনও এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, প্রথম আলো পত্রিকায় প্রকাশিত সংবাদ দেখে খননযন্ত্রগুলো অপসারণে কোষারানীগঞ্জ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবদুল্লাহিল কাফিকে নির্দেশ দেওয়া হয়। আবদুল্লাহিল কাফি শুক্রবার ঘটনাস্থলে গিয়ে খননযন্ত্রগুলো অপসারণের নির্দেশ দেন। খননযন্ত্রের মালিক সেগুলো সরিয়ে নেন।
নানা কর্মসূচিতে ভূমি সেবা সপ্তাহ পালিত হচ্ছে
বিশাল বাংলা ডেস্ক
শোভাযাত্রা, আলোচনা সভাসহ নানা কর্মসূচিতে বিভিন্ন স্থানে ভূমি সেবা সপ্তাহ (১-৭ এপ্রিল) পালন করা হচ্ছে।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
সৈয়দপুর (নীলফামারী): সৈয়দপুরে গতকাল শনিবার ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজন করা হয় শোভাযাত্রা ও আলোচনা সভার। উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও আবু ছালেহ মো. মুসা জঙ্গী। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাওয়াদুল হক।
বদরগঞ্জ (রংপুর): উপজেলা রাজস্ব প্রশাসনের আয়োজনে গতকাল শোভাযাত্রা ও আলোচনা সভা হয়। সকালে শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাংসদ আহসানুল হক চৌধুরী। সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত ইউএনও কমল কুমার ঘোষ।
পীরগঞ্জ (ঠাকুরগাঁও): সকালে উপজেলা ভূমি কার্যালয় থেকে শোভাযাত্রা শুরু হয়ে উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা হয়। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. কামরুজ্জামান মিয়া সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন সাবেক সাংসদ মো. ইমদাদুল হক।
পাটগ্রাম (লালমনিরহাট): পাটগ্রাম উপজেলা ভূমি প্রশাসনের আয়োজনে গতকাল উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। পরে উপজেলার শহীদ আফজাল মিলনায়তনে আলোচনা সভা হয়। সভাপতিত্ব করেন ইউএনও নূর কুতুবুল। বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন, সহকারী কমিশনার (ভূমি) টি এম এ মমিন প্রমুখ। এদিকে হাতীবান্ধা ভূমি প্রশাসনের আয়োজনে গতকাল শোভাযাত্রা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা হয়। সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুর রহমান। বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন প্রমুখ।
তারাগঞ্জ (রংপুর): সকালে শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা হয়। ওই সভায় বক্তব্য দেন ইউএনও জিলুফা সুলতানা, সাব-রেজিস্ট্রার উম্মে সালমা প্রমুখ।
হাটগাঙ্গোপাড়া বিএম কারিগরি কলেজ
এইচএসসির প্রবেশপত্র আসেনি দুই শিক্ষার্থীর
বাগমারা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া বিএম কারিগরি কলেজের দুই শিক্ষার্থীর প্রবেশপত্র আসেনি। এ কারণে তারা এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারছে না।
ভুক্তভোগী আবদুর রহমান ও হাসান আলী অভিযোগ করে, আজ রোববার থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য তারা কলেজে গত ডিসেম্বরে টাকা জমা দেয়। তখন তাদের প্রত্যেকের কাছ থেকে ১ হাজার ৭০০ টাকা করে নিয়ে ফরম পূরণ করা হয়। গতকাল শনিবার সকাল থেকে কলেজের ২৬৪ জন পরীক্ষার্থীকে প্রবেশপত্র দেওয়া হয়। কিন্তু তারা পায়নি। বিকেলে তাদের ফিরিয়ে দেয় কলেজ কর্তৃপক্ষ।
এই দুই শিক্ষার্থী আরও বলে, গতকাল আরও ছয় শিক্ষার্থী প্রবেশপত্র পায়নি। কলেজ কর্তৃপক্ষের অবহেলার কারণেই এমনটি ঘটেছে।
টাকা নেওয়ার অভিযোগ উড়িয়ে দিয়ে কলেজের অধ্যক্ষ আশরাফুল ইসলাম বলেন, ওই শিক্ষার্থীরা এবার ফরম পূরণ করেনি। এ জন্য তাদের নামে কোনো প্রবেশপত্র ইস্যু হয়নি।
ইউএনও নাছরিন আক্তার বলেন, তিনি বিষয়টি জানেন না, তবে খোঁজ নিয়ে দেখবেন।
কাহালুতে দম্পতি ছুরিকাহত
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার কাহালু উপজেলার নয়াপাড়া গ্রামে গত শুক্রবার রাতে এক দম্পতি ছুরিকাহত হয়েছেন। তাঁরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নয়াপাড়া গ্রামের শ্রমিক মোফাজ্জল হোসেন (৪৬) ও তাঁর স্ত্রী আঙ্গুরি বেগম (৩৮) শুক্রবার রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যান। এ সময় তাঁদের বাড়ির কাছেই একই গ্রামের কয়েকজন নেশা করছিল। একপর্যায়ে মোফাজ্জল তাদের নেশা করতে বারণ করেন। এতে নেশাখোররা ক্ষিপ্ত হয়ে তাঁকে ছুরিকাঘাত করে। চিৎকার শুনে মোফাজ্জলের স্ত্রী এগিয়ে এলে তাঁকেও ছুরিকাঘাত করা হয়। পরে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে রাতেই উন্নত চিকিৎসার জন্য বগুড়া হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় বীরকেদার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ছেলিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ঘটনার পরপরই গ্রামবাসী নেশাখোরদের আটকের চেষ্টা করলে তারা পালিয়ে যায়।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম ছিদ্দিকী বলেন, আহত ব্যক্তিদের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ব অটিজম দিবস পালন
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ
বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে বেসরকারি সংস্থা ফাউন্ডেশন ফর উইমেন অ্যান্ড চাইল্ড অ্যাসিস্ট্যান্স রাজশাহী নগরে মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। গতকাল শনিবার নগরের শহীদ এ এইচ এম কামারুজ্জামান চত্বরে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্থার প্রধান পেট্রোন ও মেন্টর সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম-উল-আযীম, রাজশাহী শিল্প ও বণিক সমিতির সভাপতি মনিরুজ্জামান, সংস্থার পেট্রোন ও মেন্টর শাহীন আকতার, সংস্থার সভাপতি সাদিকুর রহমান, নির্বাহী পরিচালক ওয়াহিদা খানম প্রমুখ।
উদ্বোধন শেষে একটি শোভাযাত্রা নগরের কাদিরগঞ্জের স্বপ্নিল কমিউনিটি সেন্টার চত্বরে এসে শেষ হয়। স্বপ্নিল গ্যালারিতে অটিস্টিক শিশুদের আঁকা চিত্রকর্মের প্রদর্শনী করা হয়। এরপর শাহীন আকতার রেণীর সভাপতিত্বে শুরু হয় আলোচনা সভা। এতে স্বাগত বক্তব্য দেন সাদিকুর রহমান এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়াহিদা খানম।
এদিকে দিবসটি পালন উপলক্ষে সকাল সাড়ে ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুল ইসলাম, শিশু বিশেষজ্ঞ বেনজির আহমেদ, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আল মামুন, সমাজসেবা কর্মকর্তা রবিউল ইসলাম প্রমুখ।