বিশ্ব অটিজম সচেতনতা ও জাতীয় প্রতিবন্ধী দিবস আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ২ এপ্রিল তৃতীয় বিশ্ব অটিজম সচেতনতা দিবস। অটিজম এক ধরনের মানসিক প্রতিবন্ধিত্ব, যে কারণে শিশুর যথাযথ বিকাশ বাধাগ্রস্ত হয়।২০০৭ সালের ১৮ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ এ দিবসটি পালনের সিদ্ধান্ত নেয়। সে সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর সরকারিভাবে দিবসটি পালিত হচ্ছে।প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছে—এমন ২৫৯টি সংগঠনের সমন্বয়কারী প্রতিষ্ঠান জাতীয় প্রতিবন্ধী ফোরামের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ১৯৯৯ সালে সরকার এপ্রিল মাসের প্রথম বুধবারকে জাতীয় প্রতিবন্ধী দিবস হিসেবে ঘোষণা দেয়।অটিজম সচেতনতা দিবস ও জাতীয় প্রতিবন্ধী দিবসকে আলাদাভাবে পালন না করে আজ একই সঙ্গে দুটি দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ উপলক্ষে মিরপুরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণীতে প্রতিবন্ধীদের সমাজের অবিচ্ছেদ্য অংশ আখ্যায়িত করে তাদের সম-অধিকার নিশ্চিত করার তাগিদ দিয়েছেন।রিসোর্স সেন্টার উদ্বোধন: আজ সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ক্যাম্পাসে অটিজম রিসোর্স সেন্টার, কর্মজীবী নারী ও পুরুষদের জন্য হোস্টেল এবং প্রতিবন্ধীদের জন্য ওয়ানস্টপ সার্ভিসের উদ্বোধন করবেন। এ ছাড়া বিভিন্ন ধরনের প্রতিবন্ধীদের মধ্যে উপকরণ বিতরণসহ অন্য কার্যক্রমও রয়েছে।একটি অভিযোগ: এদিকে কয়েকজন অভিভাবক অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের অটিস্টিক শিশুদের অংশ নেওয়ার কথা থাকলেও গতকাল বৃহস্পতিবার দুপুরে হঠাত্ জানিয়ে দেওয়া হয়েছে, তারা এতে অংশ নিতে পারবে না। যুক্তি দেওয়া হয়েছে, এ শিশুরা একা একা মঞ্চে ওঠা বা ভালোভাবে নাচতে-গাইতে পারে না। অভিভাবক ও শিক্ষকেরা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, অটিস্টিক শিশুরা স্বাভাবিক শিশুদের মতো নাচবে-গাইবে, তা আশা করে থাকলে আগে সরকারকেই অটিজম বিষয়ে সচেতন হতে হবে।জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক গাজী মোহাম্মদ নুরুল কবীর প্রথম আলোকে বলেন, সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে অটিস্টিক শিশুদের বাদ দেওয়ার বিষয়টি তাঁর জানা নেই।রুশ সংস্কৃতিকেন্দ্রে মেলা: আন্তর্জাতিক অটিজম দিবস উপলক্ষে অটিস্টিক শিশুদের আঁকা ছবি, তাদের তৈরি সামগ্রীর পসরা নিয়ে রুশ বিজ্ঞান ও সংস্কৃতিকেন্দ্রে শুরু হয়েছে অটিজম মেলা।