বিশ্ব অটিজম সচেতনতা দিবস আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বুধবার বিশ্ব অটিজম সচেতনতা দিবস। এবার সপ্তমবারের মতো পালিত হচ্ছে দিবসটি। দিবসটি সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠনগুলোও পালন করবে।
২০০৭ সালের ১৮ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে ২ এপ্রিল দিবসটি পালনের সিদ্ধান্ত হয়। ২০০৮ সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হচ্ছে। এবার দিবসটির প্রতিপাদ্য, ‘অটিজম সচেতনতা বৃদ্ধিতে আমরা সবাই’।
আজ সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সমাজকল্যাণ মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে সভাপতিত্ব করবেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী।
প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র থেকে অনলাইনের মাধ্যমে মিরপুরের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনকে প্রতিবন্ধী উন্নয়ন অধিদপ্তর হিসেবে উদ্বোধন এবং জাতীয় প্রতিবন্ধী কমপ্লেক্সের ফলক উন্মোচন করবেন।
অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয় আয়োজিত ‘অটিজম সচেতনতা সৃষ্টিতে শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক রচনা প্রতিযোগিতার শ্রেষ্ঠ তিনজন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অটিস্টিক শিশু ও ব্যক্তিদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়ে সংসদের দক্ষিণ প্লা্লজায় শেষ হবে।
দিবসটি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ও নিউজিল্যান্ডের ইউনিভার্সিটি অব ক্যানটারবারি যৌথভাবে এক কর্মশালার আয়োজন করেছে। সুইড বাংলাদেশ, ফিজিক্যালি চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামের দুটি বেসরকরি প্রতিষ্ঠান পৃথক অনুষ্ঠানের আয়োজন করেছে।
অটিজমের প্রতীক হিসেবে নীল রং ব্যবহার করা হয়। ঢাকার গুরুত্বপূর্ণ ভবন ও জেলা পর্যায়ের বিভিন্ন ভবনকে আজ নীল বাতিতে সাজানো হবে।