বিশ্ব আমাদের নির্বাচন গ্রহণ করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা-১ (ভোলা সদর) আসনের সাংসদ, বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ‘বিএনপি যদি নির্বাচনে যেত তাহলে সরকার গঠন করত, নয়তো বিরোধী দলে থাকত, কিন্তু আজ তারা কোথাও নেই। তারা এ ভুল উপলব্ধি করেছে। এ সরকার পাঁচ বছরের জন্য দায়িত্বভার গ্রহণ করেছে; বিশ্ব আমাদের নির্বাচনকে পর্যায়ক্রমে গ্রহণ করেছে। কারণ, নির্বাচন করা ছাড়া আওয়ামী লীগের কোনো পথ ছিল না।’
মন্ত্রী হওয়ার পর গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটায় ভোলা নতুনবাজার চত্বরে ভোলা জেলা আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনায় মন্ত্রী এসব কথা বলেন।
ভোলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিনের সভাপতিত্বে তোফায়েল আহমেদ আরও বলেন, ‘বিএনপি জামায়াতের সঙ্গে জোট করে দেশে ধ্বংসাত্মক কর্মকাণ্ড করে বাণিজ্যিকভাবে ব্যাপক ক্ষতি করেছে। আমরা ভারতসহ বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে আলাপ করে দেশকে বাণিজ্যিকভাবে এগিয়ে নিতে চেষ্টা করছি।’ বিগত সময়ে ভোলায় ব্যাপক উন্নয়নের কথা উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, আগামী দিনে ভোলার প্রধান সমস্যা নদীভাঙন রোধ করব, ভোলা-বরিশাল সড়ক নির্মাণ, সার কারখানাসহ ভোলাকে আধুনিক নগর হিসেবে গড়া, ভোলায় উৎপাদিত ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ দিয়ে দক্ষিণাঞ্চলকে আলোকিত করা হবে বলে অঙ্গীকার করেন।
ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাক শাহিনের সঞ্চালনায় আরও বক্তৃতা করেন ভোলা-২ আসনের সাংসদ আলী আজম, পৌর মেয়র মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনামুল হক প্রমুখ।