বিশ্ব ইজতেমা আজ শুরু
টঙ্গীর তুরাগতীরে আজ শুক্রবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। দেশ-বিদেশ থেকে হাজার হাজার মুসল্লি গতকাল বৃহস্পতিবারই ইজতেমাস্থলে এসে পৌঁছেছেন। আগামী রোববার জোহরের নামাজের আগে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্ব।
প্রথম পর্বের ইজতেমা শেষের চার দিন পর ২০ জানুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় পর্ব। ২২ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ওই পর্ব শেষ হবে।
ইজতেমা উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বাণী দিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার সকালে টঙ্গীর ইজতেমা মাঠে গিয়ে দেখা যায়, দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লি মাঠে জমায়েত হয়েছেন। ইজতেমার মুরব্বি গিয়াস উদ্দিন প্রথম আলোকে বলেন, আজ জুমার নামাজ অনুষ্ঠিত হবে ইজতেমা ময়দানে। জুমার নামাজের আগে হেদায়েতি বয়ান করা হবে।
গিয়াস উদ্দিন জানান, এবারের ইজতেমার প্রথম পর্বে ১৭টি জেলার জামাতবদ্ধ মুসল্লিরা ময়দানের ২৭টি খিত্তায় (জেলাওয়ারি অবস্থান) এবং দ্বিতীয় পর্বে ১৬টি জেলার মুসল্লিরা ২৯টি খিত্তায় অবস্থান নেবেন। বাকি ৩১ জেলার মুসল্লিরা আগামী বছর ইজতেমায় অংশ নেবেন।
পাঁচ স্তরের নিরাপত্তাব্যবস্থা
গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদ জানান, ইজতেমা এলাকায় পাঁচ স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এবারই প্রথম ইজতেমার চারদিক এবং বাইরে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। গতকাল টঙ্গীর টেলিফোন শিল্প সংস্থার (টেশিস) মাঠে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, মাঠের ভেতরে সাদাপোশাকে পর্যাপ্ত পুলিশ থাকবে। খিত্তায় খিত্তায় পুলিশ বাড়ানো হয়েছে। ইজতেমা উপলক্ষে মোড়ে-মোড়ে, গলিতে-গলিতে চেকপোস্ট করা হয়েছে। সব প্রবেশপথে চেকপোস্ট বসানো হয়েছে।
তিন মুসল্লির মৃত্যু
ইজতেমায় যোগ দিতে আসা তিনজন মুসল্লি গতকাল মারা গেছেন। তাঁরা হলেন ময়মনসিংহের নান্দাইলের মারুয়া গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে মো. ফজলুল হক (৫৫), সাতক্ষীরা সদরের খেজুরডাঙ্গা এলাকার বাসিন্দা আবদুস সাত্তার (৬০) এবং টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার নিজপন্নী গ্রামের জানু ফকির (৬০)।
২০১৫ সাল থেকে প্রতিবছর দুই পর্বে ৩২টি জেলার তাবলিগ সদস্যদের নিয়ে বিশ্ব ইজতেমা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এ বছর দুই পর্বে অংশ নিচ্ছেন ৩৩টি জেলার মুসল্লিরা। আর আগামী বছর অংশ নেবেন ৩১ জেলার মুসল্লিরা। এর আগে ২০১১ সাল থেকে প্রতিবছর দুই দফায় ৬৪ জেলার মুসল্লিরা অংশ নিতেন।
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসনের বাণী
ইজতেমা উপলক্ষে বাণীতে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, ইসলামের প্রকৃত আদর্শ ও আকিদা অনুসরণের পাশাপাশি এর সুমহান আদর্শ প্রচার ও প্রসারের লক্ষ্যে ইজতেমায় বিভিন্ন দেশ থেকে মুসল্লিদের অংশগ্রহণ এক তাৎপর্যপূর্ণ অধ্যায়। বাংলাদেশ প্রতিবছর সফলভাবে বিশ্ব ইজতেমা আয়োজন করে বিশ্বের দরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে।
বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিশ্ব ইজতেমা দেশ ও বিশ্বের সর্বস্তরের মানুষ ও মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে।
আর বাণীতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দেশবাসীসহ মুসলিম বিশ্বের শান্তি ও কল্যাণ কামনা করেছেন।