বিশ্ব ইজতেমা উপলক্ষে দেশে আন্তর্জাতিক সন্ত্রাসী অনুপ্রবেশের আশঙ্কা শিল্পমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব ইজতেমা উপলক্ষে দেশে আন্তর্জাতিক সন্ত্রাসী অনুপ্রবেশের আশঙ্কা করছেন বাংলাদেশের সাম্যবাদী দলের (এম-এল) সাধারণ সম্পাদক ও শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। গতকাল শুক্রবার রাজধানীর তোপখানা রোডের দলীয় কার্যালয়ে সাম্যবাদী দলের ঢাকা মহানগর শাখার কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই আশঙ্কার কথা বলেন শিল্পমন্ত্রী। দিলীপ বড়ুয়া কক্সবাজারের রামুসহ বাংলাদেশে ঘটে যাওয়া সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা উল্লেখ করে বলেন, এসব ঘটনাপ্রবাহ প্রমাণ করে, এগুলোর সঙ্গে দেশ-বিদেশের ষড়যন্ত্রকারী সন্ত্রাসীরা জড়িত রয়েছে। তিনি যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ৭ জানুয়ারি ১৪ দলের মানববন্ধন কর্মসূচিতে দলের সব স্তরের নেতা-কর্মীদের অংশগ্রহণের নির্দেশনা দেন। সাম্যবাদী দলের ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক বাবুল বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে দলের কেন্দ্রীয় পলিটব্যুরোর সদস্য আবু হামেদ শাহাবুদ্দিন, ধীরেন সিংহ প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।