
টঙ্গীর তুরাগতীরে আগামীকাল শুক্রবার (২৪ জানুয়ারি) শুরু হচ্ছে তাবলিগ জামাতের ৪৯তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ফজরের নামাজ শেষে আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হবে। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২৬ জানুয়ারি। এরই মধ্যে দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসল্লিদের পদচারণে মুখরিত হয়ে উঠেছে গোটা ইজতেমা ময়দান।
আয়োজক কমিটি, জেলা প্রশাসন সূত্র ও সরেজমিনে জানা গেছে, বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে অনুষ্ঠানে গতকাল বুধবার ইজতেমা ময়দানের প্রস্তুতি শেষ করা হয়। মুসল্লিদের জন্য নিশ্চিত করা হয়েছে সব রকম সুযোগ-সুবিধা। তিন দিনের প্রথম পর্বের এ ইজতেমায় আসা মুসল্লিদের রাতযাপনে চট বিছানো ও শামিয়ানা টানানো হয়েছে। তাঁদের অজু-গোসল ও খাওয়ার জন্য বিশুদ্ধ পানিতে পূর্ণ রাখা হয়েছে চৌবাচ্চা। ইজতেমার শেষ দিন পর্যন্ত চৌবাচ্চায় নিরবচ্ছিন্ন পানি সরবরাহ করা হবে।
ময়দানের চারপাশে স্থায়ী শৌচাগারের পাশাপাশি নির্মাণ করা হয়েছে অস্থায়ী শৌচাগার। ময়দানের পশ্চিম অংশে বিদেশি মেহমানদের খিত্তার পাশে স্থাপন করা হয়েছে নামাজের মিম্বর। আর ময়দানের মাঝামাঝি বসানো হয়েছে বয়ানের মিম্বর। ময়দানের প্রতিটি অংশে বয়ান শোনার জন্য লাগানো হয়েছে মাইক। ইজতেমাকালে থাকবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ।
গতকাল দুপুরে গিয়ে দেখা গেছে, বিভিন্ন জেলা ও দেশের বাইরে থেকে মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন। কিশোর, যুবক, বয়োজ্যেষ্ঠ সব শ্রেণীর মানুষই রয়েছেন তাঁদের মধ্যে। অনেকে দীর্ঘ ৪০ থেকে ১২০ দিন ইসলামের দাওয়াতি কাজ শেষে ময়দানে এসেছেন। ইজতেমা শেষে তাঁদের অনেকেই দাওয়াতি কাজে বিভিন্ন মেয়াদে দেশে-বিদেশে বেরিয়ে পড়বেন।
ধনী-দরিদ্র, ছোট-বড় সব শ্রেণী-পেশার মানুষই ময়দানে এক শামিয়ানার নিচে অবস্থান করছেন। মুসল্লিরা ব্যবহার্য জিনিসপত্র যেমন: কাঁথা-কম্বল, পোশাক থেকে শুরু করে খাদ্যসামগ্রী কাঁধে বয়ে ময়দানে আসছেন। ময়দানের সবগুলো প্রবেশপথেই তাঁদের ভিড়। প্রবেশপথ দিয়ে ঢুকেই একেকজন নিজেদের নির্ধারিত খিত্তা খোঁজায় ব্যস্ত।
গতকাল কথা হয় ৪০ দিনের (এক চিল্লা) দাওয়াতি সফর শেষে কিশোরগঞ্জ থেকে আসা আবদুস শুক্কুর আলীর সঙ্গে। তিনি জানান, বিভিন্ন জেলার ১৪ জন মুসল্লি এক চিল্লা দাওয়াতের কাজ শেষে ইজতেমায় অংশগ্রহণ করতে এসেছেন। এখানে আসার একমাত্র উদ্দেশ্য আল্লাহ ও মহানবী (সা.) সম্পর্কে জানা। বাউফল থেকে আসা কয়েকজন ৬ নম্বর প্রবেশপথ দিয়ে ময়দানে ঢুকছিলেন। তাঁদেরই একজন আবু জর জানালেন, তাঁরাও ৪০ দিনের সফর শেষে এসেছেন। ইজতেমা শেষে বাড়ি ফিরে যাবেন।
ইজতেমা ময়দানের জিম্মাদার ও আয়োজক কমিটির মুরব্বি মাওলানা ফরিদ আহমদ জানান, ইজতেমায় মুসল্লিরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে অবস্থান করেন। সবাই দায়িত্বের সঙ্গে কাজ সমাধা করেন। তার পরও তাঁদের সুবিধার্থে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
টঙ্গী মডেল থানার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. ফারুক হোসেন জানান, ইজতেমার নিরাপত্তা নির্বিঘ্ন করতে তাঁরা সব প্রস্তুতি নিয়েছেন। পুলিশ, র্যাব, গোয়েন্দা বিভাগ মিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ১০ হাজার সদস্য সার্বক্ষণিক নিয়োজিত রয়েছেন।
গতকাল গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নান ইজতেমা ময়দান পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, মেয়র হিসেবে প্রথমবারের মতো তিনি ইজতেমায় আসা মুসল্লিদের খেদমতের সুযোগ পেয়েছেন। মুসল্লিদের সব রকমের সুবিধা নিশ্চিত করতে সরকারি দপ্তরগুলোকে নির্দেশ দিয়েছেন।
স্থানীয় সাংসদ জাহিদ আহসান রাসেলও গতকাল আয়োজক কমিটির মুরব্বিদের সঙ্গে কথা বলে সার্বিক খোঁজখবর নেন। তিনিও জানান, দেশি-বিদেশি মেহমানদের সুযোগ-সুবিধা নিশ্চিতে সংশ্লিষ্ট সরকারি সব দপ্তরের পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে।