বিশ্ব ইজতেমা কাল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টঙ্গীর তুরাগ নদের তীরে আগামীকাল শুক্রবার শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা। এটি এই ইজতেমার প্রথম পর্ব। এরই মধ্যে শেষ হয়েছে প্রস্তুতিমূলক সব কাজ। নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা এবং মুসল্লিদের যাতায়াত ও সুষ্ঠুভাবে যানবাহন চলাচলে নানা পদক্ষেপ।
ইজতেমার মুসল্লিদের সার্বক্ষণিক চিকিৎসায় নানা উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য বিভাগ। আজ বৃহস্পতিবার থেকে ইজতেমা চলাকালীন গাজীপুরে এ বিভাগের সব চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।
বিশ্ব ইজতেমার মুরব্বি মো. গিয়াস উদ্দিন বলেন, এবারের বিশ্ব ইজতেমার তিন দিনের প্রথম পর্ব ৮ জানুয়ারি শুরু হয়ে ১০ জানুয়ারি দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। এরপর চার দিন বিরতি দিয়ে তিন দিনের দ্বিতীয় পর্ব ১৫ জানুয়ারি শুরু হয়ে ১৭ জানুয়ারি আখেরি মোনাজাতে শেষ হবে।
পুলিশ জানায়, মুসল্লিদের নির্বিঘ্ন যাতায়াত ও সুষ্ঠু যানবাহন চলাচলে শনিবার (৯ জানুয়ারি) সন্ধ্যা ছয়টা থেকে রোববার (১০ জানুয়ারি) সন্ধ্যা ছয়টা এবং ১৬ জানুয়ারি সন্ধ্যা থেকে ১৭ জানুয়ারি সন্ধ্যা পর্যন্ত আশুলিয়া ব্রিজ থেকে আবদুল্লাহপুর হয়ে প্রগতি সরণি ও টঙ্গী ব্রিজ হয়ে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে বিমান আরোহী বহনকারী যানবাহন, ফায়ার সার্ভিসের গাড়ি ও অ্যাম্বুলেন্স চলতে পারবে।
এ সময়ে ঘোড়াশাল কালীগঞ্জ-পুবাইল হয়ে আসা যানবাহন টঙ্গী রেলওয়ে স্টেশনের পূর্ব মরকুন (কে-২ ফ্যাক্টরি) পর্যন্ত চলাচল করতে পারবে। ঢাকা-সিলেট মহাসড়ক থেকে ঘোড়াশাল হয়ে সাধারণ যানবাহন ওই রাস্তা এড়িয়ে কাঁচপুর-যাত্রাবাড়ী সড়কে চলাচল করতে পারবে।
মুসল্লি, উত্তরার অধিবাসী, বিমান আরোহী বহনকারী যানবাহন, ফায়ার সার্ভিস, নিরাপত্তা বাহিনীর গাড়ি ও অ্যাম্বুলেন্স ছাড়া সব যানবাহনের চালকদের বিমানবন্দর সড়কের পরিবর্তে বিকল্প হিসেবে মিরপুর-সাভার সড়ক ব্যবহার করতে হবে।
ঢাকা মহানগর থেকে যেসব মুসল্লি হেঁটে ইজতেমাস্থলে যাবেন, তাঁদের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোল চক্কর-আজমপুর-আবদুল্লাহপুর হয়ে টঙ্গী ব্রিজ পরিহার করে তুরাগ নদে নির্মিত বেইলি ব্রিজ বা কামারপাড়া ব্রিজ দিয়ে ইজতেমা মাঠে যাতায়াতের জন্য বলা হয়েছে।
গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদ জানান, ইজতেমার নিরাপত্তায় ৫ হাজার পুলিশ সদস্য, ৬০টি সিসিটিভি, পাঁচটি পর্যবেক্ষণ টাওয়ার, ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে দুটি ভ্রাম্যমাণ আদালত থাকবে। আর এবারই প্রথম বাড়তি নিরাপত্তায় সাদা পোশাকে পুলিশ টহল থাকবে।