বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে কাল
মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাসমাবেশ বিশ্ব ইজতেমা আগামীকাল শুক্রবার টঙ্গীতে শুরু হচ্ছে। তাবলিগ জামাত আয়োজিত ৪৭তম এই ইজতেমা এবারও দুই পর্বে তিন দিন করে ছয় দিন অনুষ্ঠিত হবে। ইজতেমায় বাংলাদেশসহ প্রায় ১৫০টি দেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। নামাজ, জিকির-আজকার, তসবিহ-তাহলিলে মশগুল থাকবেন তাঁরা। মুসল্লিদের নিরাপত্তায় পুলিশ, র্যাব ও আনসারের সমন্বয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১০ হাজার সদস্য নিয়োজিত থাকবেন। এন্তেজামীয়া কমিটির পক্ষ থেকে জানা গেছে, গতকাল বুধবার সকাল থেকেই বিদেশি মুসল্লিরা ময়দানে আসতে শুরু করেছেন। বিদেশিদের জন্য ময়দানের উত্তর-পশ্চিম কোণে বিদ্যুৎ, গ্যাস, টেলিফোন সংযোগসহ আলাদা টিনশেড তৈরি করা হয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও জামাতবন্দী হাজার হাজার মুসল্লি ময়দানের জেলাওয়ারি খিত্তায় অবস্থান নিতে শুরু করেছেন। আজ বৃহস্পতিবার মাগরিব নামাজের পর থেকেই আমবয়ান শুরু হবে বলে জানা গেছে। আগামীকাল শুক্রবার ফজরের নামাজের পর আনুষ্ঠানিকভাবে ইজতেমার প্রথম পর্বের কার্যক্রম শুরু হবে। আখেরি মোনাজাতের মাধ্যমে ১৩ জানুয়ারি প্রথম পর্ব শেষ হবে। দ্বিতীয় পর্ব শুরু হবে ১৮ জানুয়ারি। ২০ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে দুই পর্বের বিশ্ব ইজতেমার সমাপ্তি ঘটবে। সরেজমিনে গতকাল দেখা গেছে, ময়দানে প্যান্ডেল নির্মাণসহ সব আয়োজন শেষ হয়েছে। মুসল্লিদের অবস্থান নির্ণয়ে খিত্তা ও হালকাসহ রাস্তায় নাম্বার বসানো হয়েছে। লাগানো হয়েছে বৈদ্যুতিক বাতি ও অসংখ্য মাইক। মুসল্লিদের চলাচলের সুবিধার্থে ময়দানের পশ্চিম পাশে সেনাবাহিনী তুরাগ নদের ওপর অস্থায়ী সেতু তৈরি করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিরাপত্তা চৌকি ও শিবির তৈরির কাজও সম্পন্ন হয়েছে। জেলা পুলিশ সুপার আবদুল বাতেন জানান, ইজতেমা ময়দানের প্রতিটি পয়েন্টে মুসল্লিদের অবস্থান ও চলাচল ভিডিও ক্যামেরায় পর্যবেক্ষণ করা হবে। পুলিশ প্রশাসন সূত্র জানায়, পুলিশ ও র্যাবের পর্যবেক্ষণ টাওয়ার এবং ক্লোজড সার্কিট ক্যামেরার মাধ্যমে ময়দানে সার্বক্ষণিক নজরদারি রাখা হবে। থাকবে র্যাব-পুলিশের নিয়ন্ত্রণকক্ষ। আইনশৃঙ্খলা বাহিনীর সাদা পোশাকধারী সদস্যরাও ময়দানে অবস্থান করবেন। আকাশে র্যাবের হেলিকপ্টার টহলসহ পাঁচ স্তরবিশিষ্ট নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে ইজতেমা ময়দান ও এর আশপাশের এলাকা। ময়দানের প্রতিটি প্রবেশপথে মেটাল ডিটেক্টর দিয়ে মুসল্লিদের দেহ তল্লাশি করা হবে।টঙ্গী পৌরসভার মেয়র আজমত উল্লাহ খান জানান, মুসল্লিদের পানির ব্যবস্থা নিশ্চিত করা, শৌচাগার নির্মাণের কাজও সম্পন্ন করা হয়েছে। জেলা প্রশাসক নূরুল ইসলাম জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতিমূলক সব কাজ শেষ হয়েছে। ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। যানজট মোকাবিলায় নেওয়া হয়েছে ব্যবস্থা। টঙ্গী রেলস্টেশনকে পরিচ্ছন্ন করে সাজানো হয়েছে। জেলা সিভিল সার্জন হাবিবউল্লাহ জানান, মুসল্লিদের চিকিৎসাসেবার দিকটি সরকারি-বেসরকারি উভয় পর্যায় থেকে নিশ্চিত করা হয়েছে। টঙ্গী সরকারি হাসপাতালে ৫০টি অতিরিক্ত শয্যা সংযোজন ও মাঠে অস্থায়ী চিকিৎসাকেন্দ্র স্থাপন করা হয়েছে। কেন্দ্রে ২৪ ঘণ্টা চিকিৎসক থাকবেন। থাকবে ভ্রাম্যমাণ চিকিৎসাকেন্দ্র ও অ্যাম্বুলেন্স।রেলপথে টঙ্গী-ঢাকা, টঙ্গী-নারায়ণগঞ্জ, টঙ্গী হয়ে ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-সিরাজগঞ্জ, ঢাকা-ভৈরবসহ উত্তরবঙ্গের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। সড়কপথে থাকবে অতিরিক্ত বিআরটিসি বাস। টঙ্গী ডেসকো সূত্রে জানা গেছে, ময়দানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে উত্তরা, টঙ্গী ও টঙ্গীর নতুন গ্রিড থেকে বিদ্যুৎ নিয়ে চারটি উপকেন্দ্র স্থাপন করা হয়েছে। বিদ্যুৎব্যবস্থা বিকল হয়ে গেলে বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা থাকছে।