বিশ্ব ইজতেমার আগে নাগরিকদের সতর্ক করল ব্রিটেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব ইজতেমার আগে, বিশেষ করে ইজতেমা চলাকালে বাংলাদেশ সফর ও এ দেশে চলাফেরায় নিজেদের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাজ্য। গতকাল শুক্রবার দেশটির ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস (এফসিও) এ সতর্কতা জারি করেছে।
১৩ থেকে ১৫ জানুয়ারি টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে। দ্বিতীয় পর্ব হবে ২০ থেকে ২২ জানুয়ারি।
এফসিও সতর্কবার্তায় বলেছে, ইজতেমার সময় টঙ্গী-সংলগ্ন সব রাস্তায় ব্যাপক যানজট হতে পারে। এ ছাড়া ইজতেমার কারণে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরেও সেবা বিঘ্নিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গত বছরের ১ জুলাই ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনা উল্লেখ করে সতর্কবার্তায় যুক্তরাজ্যের নাগরিকদের স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর জারি করা যেকোনো নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হয়েছে।