বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টঙ্গীর তুরাগতীরে আজ শুক্রবার শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্ব। আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে তিন দিনের এ পর্বের বিশ্ব ইজতেমা।

গতকাল বৃহস্পতিবার ভোর থেকেই বিশ্ব ইজতেমার এ পর্বে অংশ নিতে ১৭টি জেলার পাশাপাশি বিদেশের মুসল্লিরা ইজতেমার ময়দানে নির্দিষ্ট খিত্তায় অবস্থান নিতে শুরু করেন। বিশ্ব ইজতেমার মুরব্বি গিয়াস উদ্দিন জানান, প্রথম পর্বে নেওয়া সব প্রস্তুতি দ্বিতীয় পর্বেও বহাল রয়েছে। ইজতেমা ময়দানের উত্তর-পশ্চিম দিকে বিদেশি মুসল্লিদের জন্য বিশেষ আবাসনব্যবস্থা গড়ে তোলা হয়েছে। বিদেশি নিবাসে রয়েছে কড়া নিরাপত্তাব্যবস্থা।

গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ জানান, বিশ্ব ইজতেমার এ পর্বেও ছয় হাজারের মতো পুলিশ সদস্য মুসল্লিদের নিরাপত্তা দেবেন। এ ছাড়া র‍্যাব, আনসার সদস্য ও ইজতেমা কর্তৃপক্ষের নিজস্ব কর্মীরা থাকছেন। ওয়াচ টাওয়ার থেকে বাইনোকুলারে ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ক্লোজড সার্কিট ক্যামেরা দিয়ে ইজতেমা ময়দান ও আশপাশের এলাকা পর্যবেক্ষণব্যবস্থার পাশাপাশি রয়েছে নৌ-টহল ও মোটরসাইকেলে টহল। কাজ করছে স্ট্রাইকিং ফোর্সও।

২৬ খিত্তায় ১৭ জেলার মুসল্লি

যেসব জেলার মুসল্লি ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নেবেন, তাঁদের জন্য নির্ধারিত স্থান হলো ঢাকা (খিত্তা ১, ২, ৩, ৪, ৫ ও ৭), মেহেরপুর (৬), লালমনিরহাট (৮), রাজবাড়ী (৯), দিনাজপুর (১০), হবিগঞ্জ (১১), মুন্সিগঞ্জ (১২ ও ১৩), কিশোরগঞ্জ (১৪ ও ১৫), কক্সবাজার (১৬), নোয়াখালী (১৭ ও ১৮), বাগেরহাট (১৯), চাঁদপুর (২০), পাবনা (২১ ও ২২), নওগাঁ (২৩), কুষ্টিয়া (২৪), বরগুনা (২৫) ও বরিশাল (২৬)।