বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু আগামীকাল
গাজীপুরের টঙ্গীর তুরাগপাড়ে আগামীকাল শুক্রবার শুরু হচ্ছে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এরই মধ্যে সম্পন্ন হয়েছে ইজতেমা ময়দানের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। পুলিশের পক্ষ থেকে প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও থাকছে একই ধরনের বিশেষ নিরাপত্তাব্যবস্থা।
বিশ্ব ইজতেমা পরিচালনা কমিটির সদস্য গিয়াস উদ্দিন জানান, তিন দিনের দ্বিতীয় দফার ইজতেমা আগামীকাল থেকে শুরু হয়ে আগামী রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।
গত ৮ জানুয়ারি বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়। ১০ জানুয়ারি দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তা শেষ হয়। তুরাগতীরে ইজতেমা ময়দানে স্থান সংকুলান না হওয়ায় ২০১১ সাল থেকে দুই পর্বে এ বৃহৎ ধর্মীয় জমায়েত অনুষ্ঠিত হয়ে আসছে।
দ্বিতীয় পর্বে অংশ নেবেন ঢাকা জেলার একাংশ, নেত্রকোনা, ফরিদপুর, জামালপুর, নরসিংদী, রাজশাহী, কুড়িগ্রাম, বগুড়া, ঠাকুরগাঁও, ফেনী, কুমিল্লা, সুনামগঞ্জ, খুলনা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও পিরোজপুরের মুসল্লিরা।
গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদ জানান, ইজতেমা দ্বিতীয় পর্বেও নিরাপত্তার জন্য ৫ হাজার ফোর্স, ৬০টি সিসিটিভি, ৫টি ওয়াচ টাওয়ার, জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে দুটি ভ্রাম্যমাণ আদালত এবং এই প্রথম বাড়তি নিরাপত্তার জন্য সাদাপোশাকে পুলিশ টহল থাকবে।