
তাবলিগ জামাতের বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আজ শুক্রবার শুরু হচ্ছে। কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হচ্ছে বিশ্ব মুসলিমের অন্যতম বৃহৎ এই ধর্মীয় জমায়েত। আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ৪৯তম বিশ্ব ইজতেমার এ শেষ পর্ব।
এর আগে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ২৪ জানুয়ারি শুরু হয়ে ২৬ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়। এতে অংশ নিয়েছিলেন দেশ-বিদেশের লাখো ধর্মপ্রাণ মুসল্লি। প্রথম পর্বের মতো এ পর্বেও তুরাগতীরের ইজতেমা ময়দানে নেমেছে মুসল্লিদের ঢল। ইজতেমায় অংশ নিতে গত বুধবার থেকেই মুসল্লিরা এ ময়দানে আসতে শুরু করেছেন। গতকাল বৃহস্পতিবার তাঁদের এই আগমন আরও বাড়ে।
গতকাল বাদ মাগরিব প্রস্তুতিমূলক বয়ানের মাধ্যমে ময়দানের নিরাপত্তা, পরিচ্ছন্নতা, যোগাযোগ, নামাজ ও বয়ানের মিম্বার, পানি ও বিদ্যুৎ সরবরাহ তদারকিসহ সার্বিক ব্যবস্থাপনা নিয়ে মুসল্লিদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
ইজতেমায় অংশ নিতে ট্রেন, বাস, নৌকা-লঞ্চসহ বিভিন্ন যানবাহনে হাজারো মুসল্লি ময়দানে জড়ো হচ্ছেন। অনেকেই জামাতবদ্ধ হয়ে দলে দলে ইজতেমা ময়দানের নির্ধারিত স্থানে (খিত্তায়) প্রয়োজনীয় মালামাল ও ব্যাগ নিয়ে অবস্থান করছেন। এ পর্বেও আগের মতোই ব্যাপকসংখ্যক মুসল্লির সমাগম ঘটবে বলে আশা প্রকাশ করেছে আয়োজক কমিটি।
গতকাল সরেজমিনে দেখা যায়, মাথায় চাল-ডালের বস্তা, কাঁধে কাপড়ের ব্যাগ, হাতে প্রয়োজনীয় অন্য সব মালামাল নিয়ে জিকির করতে করতে ইজতেমা ময়দানে সুশৃঙ্খলভাবে সারি বেঁধে প্রবেশ করছেন মুসল্লিরা। প্রতিটি প্রবেশপথে ইজতেমার সাথিরা লাঠি হাতে দাঁড়িয়ে মুসল্লিদের খিত্তার ঠিকানা বলে দিচ্ছেন। নতুন মুসল্লিদের হাতে ধরিয়ে দিচ্ছেন খিত্তার মানচিত্র। টঙ্গী রেলস্টেশন থেকে ইজতেমা ময়দান পর্যন্ত মুসল্লিদের সারি। যানবাহন ছাড়াও অনেকে পায়ে হেঁটেই ইজতেমায় শরিক হচ্ছেন।
ইজতেমা আয়োজক কমিটি ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দ্বিতীয় ধাপে ইজতেমা মাঠকে ৩৮টি খিত্তায় ভাগ করা হয়েছে। দেশের ৩৩ জেলার মুসল্লি দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশ নিচ্ছেন। তা ছাড়া মাঠের উত্তর পশ্চিম কোণে বিদেশি মেহমানদের জন্য নির্ধারিত খিত্তা রয়েছে।
বিদেশি মেহমান: বিদেশি মেহমানদের খিত্তা থেকে ইজতেমার সাথি মো. মসিহ আলম জানান, ইতিমধ্যে বিভিন্ন দেশ থেকে কয়েক হাজার তাবলিগের সাথি এখানে যোগ দিয়েছেন। তবে প্রথম পর্বের তুলনায় এ পর্বে বিদেশি মেহমানদের সংখ্যা কম থাকবে।
পুলিশের ব্রিফিং: টেলিফোন শিল্প সংস্থার (টেশিস) মাঠে গতকাল বৃহস্পতিবার সকালে ইজতেমার নিরাপত্তা নিয়ে পুলিশের এক ব্রিফিং অনুষ্ঠিত হয়। এ সময় জানানো হয়, পুরো ইজতেমাস্থলকে পাঁচটি ভাগে (সেক্টর) ভাগ করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা কাজ করবেন। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রতিটি ভাগে একজন অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে প্রায় পাঁচ হাজার পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন।
ব্রিফিংয়ে পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম মাহফুজুল হক নুরুজ্জামান, গাজীপুরের পুলিশ সুপার আবদুল বাতেনসহ পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইজতেমার নিরাপত্তায় র্যাবের এক হাজার সদস্যও মোতায়েন থাকবেন বলে জানানো হয় ব্রিফিংয়ে।
স্বাস্থ্যসেবা: টঙ্গী সরকারি হাসপাতালের আবাসিক চিকিৎসক মাহবুবুর রহমান চৌধুরী জানান, মুসল্লিদের সুবিধার্থে সরকারিভাবে এই হাসপাতাল ছাড়াও মুন্নু গেট, বাটা গেট ও হোন্ডা গেটে তিনটি উপ-স্বাস্থ্যসেবাকেন্দ্র প্রতিষ্ঠা করা হচ্ছে। শতাধিক চিকিৎসক ছাড়াও ১২টি অ্যাম্বুলেন্স বিশেষ সেবা দেবে। এ ছাড়া র্যাবের চিকিৎসাকেন্দ্র, সিটি করপোরেশনের চিকিৎসাকেন্দ্র ও বেসরকারিভাবে বিভিন্ন প্রতিষ্ঠান বিনা মূল্যে চিকিৎসাসেবা দেবে।
বিশেষ বাস ও ট্রেন: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) গাজীপুর জানায়, ইজতেমা উপলক্ষে ৩০০ বিশেষ বাস রাজধানীর সাতটি পয়েন্ট থেকে মুসল্লিদের আনা-নেওয়া করবে। এসব বাসে ‘ইজতেমা সার্ভিস’ লেখা থাকবে। রাজধানীর আজিমপুর, গাবতলী, যাত্রাবাড়ী, মতিঝিল ও নারায়ণগঞ্জ, গাজীপুর ও ভৈরব থেকে এসব বাস চলাচল করবে।
টঙ্গী রেল জংশনের স্টেশন মাস্টার হালিমুজ্জামান বলেন, প্রথম পর্বের মতো শেষ পর্বেও ইজতেমার মুসল্লিদের যাতায়াতে বিশেষ ট্রেন সেবা থাকছে। ইজতেমা উপলক্ষে ২১টি ট্রেন বিভিন্ন জেলা থেকে টঙ্গীতে যাতায়াত করবে। তা ছাড়া আখেরি মোনাজাতের দিন পর্যন্ত সব আন্তনগর ট্রেন টঙ্গীতে যাত্রাবিরতি করবে।