বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার দিন বিরতির পর গাজীপুরের টঙ্গীর তুরাগপারে বিশ্ব ইজতেমার দ্বিতীয় দফা শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার। এরই মধ্যে সম্পন্ন হয়েছে ইজতেমা ময়দানের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। আজ বৃহস্পতিবার সকাল থেকেই মুসল্লিরা ইজতেমাস্থলে আসতে শুরু করেছেন।

ইজতেমার দ্বিতীয় পর্বে ময়দানকে ২৯টি খিত্তায় ভাগ করা হয়েছে। তিন দিনের দ্বিতীয় দফার ইজতেমা রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। গত ৮ জানুয়ারি শুরু হওয়া বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ১০ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।
পুলিশের পক্ষ থেকে প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও থাকছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা। দেশের বিভিন্ন জেলা থেকে অতিরিক্ত পুলিশ ফোর্স এখানে মোতায়েন করা হয়েছে।
নিরাপত্তা নিয়ে আজ দুপুরে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে পুলিশের ব্রিফিং অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম মাহফুজুল হক নুরুজ্জামান বলেন, সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নিরাপত্তার জন্য সবকিছু করা হয়েছে।
গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদ জানিয়েছেন, বিশ্ব ইজতেমায় দ্বিতীয় পর্বের নিরাপত্তায় পাঁচ হাজারের বেশি পুলিশ দায়িত্ব পালন করবে।
জেলা প্রশাসন বিশ্ব ইজতেমার সার্বিক কর্মকাণ্ড সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে বিভিন্ন বিভাগের কাজের সমন্বয় করছে। ঢাকা বিভাগীয় প্রশাসন ও পুলিশ প্রশাসন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকনির্দেশনায় ইজতেমার বিভিন্ন কাজ তদারকি করছে।