বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে আগামীকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে আগামীকাল শুক্রবার থেকে বিশ্ব ইজতেমার তিন দিনের দ্বিতীয় পর্ব শুরু হতে যাচ্ছে। ২০ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এ পর্ব শেষ হবে। আজ বৃহস্পতিবার বাদ মাগরিব থেকে আমবয়ান শুরু হবে। আর কাল শুক্রবার বাদ ফজর থেকেই শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্বের মূল কার্যক্রম। গাজীপুরের পুলিশ সুপার আবদুল বাতেন জানান, টঙ্গীর তুরাগ নদের তীরে এবারও পাঁচ স্তরের নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে। তাবলিগ জামাতের নিজস্ব স্বেচ্ছাসেবকদের সঙ্গে সেখানে প্রায় ১০ হাজার র্যা ব, পুলিশ, আর্মড ব্যাটালিয়ন পুলিশ ও আনসার সদস্যরা নিরাপত্তা কাজে মোতায়েন থাকবেন। গাজীপুরের জেলা প্রশাসক নূরুল ইসলাম জানান, টঙ্গী রেলস্টেশনে রয়েছে আগের মতোই অতিরিক্ত টিকিট কাউন্টার, টঙ্গী সরকারি হাসপাতালে অতিরিক্ত শয্যা ও মাঠে অস্থায়ী চিকিৎসাকেন্দ্র। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরুর আগের দিন থেকে টঙ্গী রেলস্টেশনে নিয়মিত ট্রেন ছাড়াও বিশেষ ট্রেনের ব্যবস্থা থাকবে। সড়কপথে আগের পর্বের মতোই ৫০টি বিশেষ বিআরটিসি বাস চলবে। বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ১১ জানুয়ারি শুরু হয়ে ১৩ জানুয়ারি দুপুরে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয়।