ঢাকার অদূরে টঙ্গীর তুরাগতীরে এবারও দুই পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে ১৩ থেকে ১৫ জানুয়ারি এবং দ্বিতীয় পর্বে ২০ থেকে ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা।
আসন্ন ৫২তম বিশ্ব ইজতেমার প্রস্তুতি নিয়ে গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভাগীয় কমিশনারের নেতৃত্বে একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। পুলিশের নেতৃত্বে নিয়ন্ত্রণকক্ষও থাকবে। সেখানে সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্তর্ভুক্ত থাকবে।
গত বছর ইজতেমা উপলক্ষে ১৩১টি দেশ থেকে অতিথি এসেছিলেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এবার এ সংখ্যা আরও বাড়বে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, বিদেশ থেকে আগত অতিথিদের ভিসা সহজীকরণ করতে আলাদা একটি ডেস্কও থাকবে। যুদ্ধবিধ্বস্ত যেসব দেশ থেকে অতিথি আসবেন, তাঁদের তালিকা আগে দিতে হবে। তালিকা দেখে ভিসা দেওয়া হবে।
এ ছাড়া অন্যান্য বছরের মতো এবারও বাস-ট্রেনসহ অন্যান্য সুযোগ-সুবিধাও থাকবে।