বিশ্ব ইজতেমার প্রস্তুতি চলছে জোরেশোরে
গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে আগামী ১১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমা। সে উপলক্ষে ইজতেমার ময়দান প্রস্তুতির কাজ চলছে জোরেশোরে।বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে গতকাল বৃহস্পতিবার সকালে গাজীপুর জেলা প্রশাসনের ভাওয়াল সমেঞ্চলনকক্ষে প্রস্তুতিমূলক সভা হয়েছে। জেলা প্রশাসক মো. নূরুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আবদুল বাতেন, টঙ্গী পৌরসভার মেয়র আজমত উল্লাহ খান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক, সিভিল সার্জন সৈয়দ হাবিবউল্লাহ, তাবলিগ জামাতের মুরব্বি গিয়াস উদ্দিন আহমেদ, সিরাজ মিয়া, মাহফুজুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহনওয়াজ দিলরুবা খান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মোজামেঞ্চল হক প্রমুখ। সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে ইজতেমা ময়দানসহ আশপাশের এলাকার সার্বিক নিরাপত্তা রক্ষায় পর্যাপ্তসংখ্যক র্যা ব, পুলিশ ও আনসার সদস্য মোতায়েন, ভেজাল খাদ্য রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, অবৈধ বস্তি, দোকানপাট, ব্যানার বিলবোর্ড উচ্ছেদ, ময়দানে ঢোকার পথে র্যা বের নয়টি পর্যবেক্ষণ টাওয়ার স্থাপন, রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্নকরণ। এ ছাড়া মুসল্লিদের স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য ময়দানের আশপাশে পর্যাপ্ত মেডিকেল ক্যাম্প স্থাপন, অ্যাম্বুলেন্স মোতায়েন, তুরাগ নদে ১০টি অস্থায়ী ভাসমান সেতু নির্মাণ, সার্বক্ষণিক বিদ্যুৎ ও পানি সরবরাহের ব্যবস্থা, বিশেষ ট্রেন ও বাস সার্ভিস চলাচলের ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এসব সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আগামী ৭ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে ৫ জানুয়ারির মধ্যে কাজের অগ্রগতির প্রতিবেদন জানাতে বলা হয়েছে। ৬ জানুয়ারি টঙ্গী পৌরসভা মিলনায়তনে পরবর্তী প্রস্তুতি সভা হবে। এতে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, প্রতিমন্ত্রী শামসুল হক টুকুসহ স্থানীয় সাংসদেরা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন টঙ্গী পৌর মেয়র আজমত উল্লাহ খান।গতকাল সরেজমিনে দেখা গেছে, প্রতিবছরের মতো এবারও স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষার্থী, কলকারখানার শ্রমিক-মালিকসহ বিভিন্ন পেশার ধর্মপ্রাণ মানুষ ইজতেমার মাঠে প্রস্তুতিমূলক কাজ করছেন। কেউ প্যান্ডেলের চট টানাচ্ছেন, কেউ খুঁটি পুঁতছেন, কেউ মাঠ পরিষ্কার করছেন।ময়দানে মুসল্লিদের কাতারবদ্ধ হওয়ার জন্য পুরো মাঠে দাগ কাটা সম্পন্ন হয়েছে। জেলাওয়ারি মুসল্লিদের স্থানও (খিত্তা) নির্দিষ্ট করা হয়েছে। প্রথম পর্বের ইজতেমার জন্য পুরো ময়দানকে ৪০টি খিত্তায় ভাগ করা হয়েছে। ৩০ জেলার মুসল্লিরা ওই খিত্তাগুলোতে অবস্থান করবেন।ইজতেমার ময়দান প্রস্তুতির কাজ তদারকির দায়িত্বে থাকা তাবলিগের শীর্ষস্থানীয় মুরব্বি মো. গিয়াস উদ্দিন বলেন, প্রস্তুতি কাজ প্রায় ৫০ শতাংশ শেষ হয়েছে। বাকি কাজ দ্রুত শেষ করতে বেশ জোরেশোরে কাজ চলছে। ইজতেমার প্রথম পর্ব শুরু হবে ১১ জানুয়ারি। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ১৩ জানুয়ারি। দ্বিতীয় পর্ব শুরু হবে ১৮ জানুয়ারি। একইভাবে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০ জানুয়ারি।