বিশ্ব ইজতেমার প্রস্তুতি শেষ পর্যায়ে
৪৯তম বিশ্ব ইজতেমার প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। ইতিমধ্যে দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন।
প্রথম পর্ব ২৪ জানুয়ারি শুরু হয়ে ২৬ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। দ্বিতীয় পর্ব ৩১ জানুয়ারি শুরু হয়ে ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।
ইজতেমা সূত্রে জানা গেছে, দুই পর্বে ইজতেমায় আসা লাখ লাখ মুসল্লির থাকার ব্যবস্থা আয়োজক কমিটি ও সরকারের ব্যবস্থাপনায় করা হয়। খাওয়ার ব্যবস্থা মুসল্লিরা নিজেরাই করেন। ইজতেমায় দেশ-বিদেশের বরেণ্য ইসলামি চিন্তাবিদ ও তাবলিগের মুরব্বিরা মুসল্লিদের উদ্দেশে ধর্মীয়, ব্যক্তিগত, পারিবারিক, ইহকাল ও পরকালের বিষয়ে বয়ান করেন।
ইজতেমা ময়দানের জিম্মাদার মাওলানা ফরিদ আহমেদ বলেন, মাঠ প্রস্তুতির কাজ প্রায় ৯৫ ভাগ শেষ হয়েছে। আজ বুধবারের মধ্যে শতভাগ প্রস্তুতি সম্পন্ন হবে।
ইজতেমা ময়দানের অবাধ প্রবেশ নিশ্চিত করতে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের সদস্যরা তুরাগ নদে আটটি ভাসমান পন্টুন সেতু নির্মাণ করেছেন। ১৬০ একর জমির ওপর নির্মিত সুবিশাল প্যান্ডেলের কাজ, খুঁটিতে নম্বরপ্লেট, খিত্তা নম্বর, জুড়নেওয়ালি জামাতের কামরা, তাশকিল কামরা, হালকা নম্বর বসানোর কাজ শেষ পর্যায়ে। সুষ্ঠুভাবে বয়ান শোনার জন্য পুরো মাঠে শব্দ প্রতিধ্বনিরোধক প্রায় ৩৫০টি বিশেষ ছাতা মাইকসহ বিভিন্ন স্পটে প্রায় ৫০০ মাইক স্থাপন করা হবে। বিদেশি মেহমানদের জন্য গরম-ঠান্ডা পানিসহ ইজতেমায় আসা মুসল্লিদের জন্য বিশুদ্ধ খাবার পানি, টয়লেট, অজু ও গোসলখানার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক প্রস্তুতিও শেষ পর্যায়ে।
প্রথম পর্বে দেশের ৩২টি জেলার মুসল্লি ইজতেমা মাঠের ৪০টি খিত্তায় অবস্থান করবেন। প্রতিটি খিত্তায় একজন আমিরের নেতৃত্বে মুসল্লিরা থাকবেন। মাঠের উত্তর পশ্চিম কোনে বিদেশি মেহমানদের জন্য রয়েছে আলাদা খিত্তা।
প্রবেশপথ: সমাবেশে আসা দেশি-বিদেশি লাখ লাখ মানুষের নির্ধারিত খিত্তায় প্রবেশের জন্য মাঠের চারদিক থেকে ১৮টি প্রবেশপথ আছে। বিদেশি মেহমানদের খিত্তা মাঠের ১ নম্বর প্রবেশপথের সঙ্গে। ১ থেকে ১৯ নম্বর খিত্তায় প্রবেশের জন্য উত্তর দিকের ১ থেকে ৬ নম্বর, ৭ নম্বর (পূর্বের টেলিফোন শিল্প সংস্থার পাশে) ও পশ্চিমের ভাসমান সেতু ১৭-১৮ নম্বর প্রবেশপথ ব্যবহার করা সহজ হবে। ৩১ থেকে ৪০ নম্বর খিত্তায় প্রবেশের জন্য ৯, ১০ ও ১১ নম্বর (হোন্ডা ও সাবান কারখানার পাশে), দক্ষিণের তুরাগে ভাসমান সেতু ১২ ও পশ্চিমের ভাসমান সেতু ১৩, ১৪, ১৫ নম্বর প্রবেশপথ ব্যবহার করা সহজ। এ ছাড়া বাটা কারখানার পাশ দিয়ে ৮, ৯ ও ভাসমান সেতুর ১৫, ১৬, ১৭, ১৮ নম্বর প্রবেশপথ দিয়ে ২০ থেকে ৩০ নম্বর খিত্তায় প্রবেশ সহজ হবে। এ ছাড়া সব পথ দিয়েই মাঠে প্রবেশ করা যাবে। তবে খিত্তার নিকটবর্তী পথ দিয়ে মুসল্লিরা মাঠে প্রবেশ করলে ভিড় ও সময় দুই-ই বাঁচবে বলে জানিয়েছে আয়োজক কমিটি। এ ছাড়া ভেতরে চলাচলের সময় মুসল্লিরা যাঁর যাঁর ডান দিক দিয়ে হাঁটলে সুশৃঙ্খল পরিবেশ বিরাজ করবে বলে তাবলিগের মুরব্বিরা জানিয়েছেন।