বিশ্ব ইজতেমার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে
টঙ্গীর তুরাগতীরে ৮ জানুয়ারি শুরু হচ্ছে ৫০তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এর সব রকমের আয়োজন প্রায় শেষ। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতিমূলক কাজ।
আগের বছরগুলোতে দুই পর্বের বিশ্ব ইজতেমায় ৩২ জেলা করে ৬৪ জেলার মুসল্লিরা অংশ নিতেন। মুসল্লিদের সংখ্যা বাড়ায় এ বছর থেকে দুই পর্বে ৩২ জেলা এবং পরবর্তী বছর বাকি ৩২ জেলার মুসল্লিরা অংশ নেবেন বলে জানিয়েছে ইজতেমা কর্তৃপক্ষ। মুসল্লিদের স্থান সংকুলান না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ব ইজতেমার মুরব্বি গিয়াস উদ্দিন জানান, এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি শুরু হবে। তিন দিনের প্রথম পর্ব ১০ জানুয়ারি দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। এরপর তিন দিনের দ্বিতীয় পর্ব ১৫ জানুয়ারি শুরু হয়ে ১৭ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।
ইজতেমা ময়দানে গতকাল সোমবার সকালে গিয়ে দেখা গেছে, ময়দানের ১৬০ একর জায়গাজুড়ে শামিয়ানা টানানো হয়েছে। ৪০ খিত্তায় ভাগ করা হয়েছে ময়দানটিকে। ৯০ ভাগ কাজ শেষ হয়েছে। এখন চলছে শেষ মুহূর্তের কাজ। মুসল্লিদের যাতায়াতের জন্য ময়দানের পশ্চিম পাশে তুরাগ নদের ওপর সাতটি পন্টুন তৈরি করেছে সেনাবাহিনী। নিরাপত্তার জন্য বিভিন্ন স্থানে তৈরি করা হয়েছে পুলিশের পর্যবেক্ষণ টাওয়ার।
ইজতেমা কর্তৃপক্ষ জানায়, মুসল্লিদের দুর্ভোগ লাঘব, টঙ্গীতে মানুষের চাপ কমানো এবং ইজতেমার মূল লক্ষ্য তাবলিগের কাজকে আরও গতিশীল করার জন্য বিভিন্ন জেলায় আঞ্চলিকভাবে ইজতেমা করার সিদ্ধান্ত হয়েছে। গত নভেম্বর থেকেই আঞ্চলিক ইজতেমা শুরু হয়েছে। ৩২ জেলার মুসল্লিরা ওই সব আঞ্চলিক ইজতেমায় অংশ নিচ্ছেন। বাকি ৩২ জেলার মুসল্লিরা টঙ্গীর বিশ্ব ইজতেমায় অংশ নেবেন।
এবার বিশ্ব ইজতেমার প্রথম পর্বে অংশ নেবেন ঢাকার একাংশ, নারায়ণগঞ্জ, শেরপুর, মাদারীপুর, সিরাজগঞ্জ, নাটোর, গাইবান্ধা, নীলফামারী, পঞ্চগড়, লক্ষ্মীপুর, সিলেট, নড়াইল, মাগুরা, চট্টগ্রাম, পটুয়াখালী, ভোলা ও ঝালকাঠির মুসল্লিরা। দ্বিতীয় পর্বে অংশ নেবেন ঢাকার বাকি অংশ, নেত্রকোনা, ফরিদপুর, জামালপুর, নরসিংদী, রাজশাহী, কুড়িগ্রাম, বগুড়া, ঠাকুরগাঁও, ফেনী, কুমিল্লা, সুনামগঞ্জ, খুলনা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও পিরোজপুরের মুসল্লিরা।
আগামী বছর বিশ্ব ইজতেমায় অংশ নেবেন কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর, মানিকগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পাবনা, জয়পুরহাট, যশোর, মেহেরপুর, কুষ্টিয়া, বাগেরহাট, সাতক্ষীরা, বরিশাল ও বরগুনার মুসল্লিরা।
বিশ্ব ইজতেমায় এ দেশের মুসল্লিরা ছাড়াও ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের প্রায় সব দেশ থেকে তাবলিগ জামাতের সাথিরা অংশ নেন। সমবেত হন লাখ লাখ মুসল্লি।