বিশ্ব ইজতেমায় জুমার নামাজে লাখো মুসল্লি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমায় গতকাল একসঙ্গে জুমার নামাজ আদায় করেন লাখো মুসল্লি l ছবি: প্রথম আলো
টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমায় গতকাল একসঙ্গে জুমার নামাজ আদায় করেন লাখো মুসল্লি l ছবি: প্রথম আলো

বিশ্ব ইজতেমার প্রথম দিন গতকাল ছিল জুমার দিন, শুক্রবার। দেশের বিভিন্ন প্রান্ত এবং দেশের বাইরে থেকে আসা লাখো মুসল্লি তুরাগতীরে অংশ নেন জুমার নামাজে।
বাদ জুমা পাকিস্তানের মাওলানা মো. এহসানের আমবয়ানের মধ্য দিয়ে গাজীপুরের টঙ্গীতে তুরাগতীরে শুরু হয় এ মহাসম্মিলন। মূল বয়ান উদুর্তে হলেও তা বাংলাসহ বিভিন্ন ভাষায় তরজমা করা হচ্ছে।
কাল রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম দফা। মোনাজাতের আগ পর্যন্ত তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরব্বিরা পর্যায়ক্রমে আখলাক, ইমান ও আমলের ওপর বয়ান পেশ করবেন।
ইজতেমার প্রথম পর্বে ৩২ জেলার মুসল্লিরা অংশ নিয়েছেন। প্রতিটি জেলার জন্য পৃথক এলাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। পানি, বিদ্যুৎ, চিকিৎসাসহ সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। নেওয়া হয়েছে কড়া নিরাপত্তাব্যবস্থা।
১৬ জানুয়ারি শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। ১৮ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।
জুমার নামাজ: ইজতেমা মাঠের আশপাশের মসজিদগুলোতে জুমার নামাজ পড়ানো হলেও মাঠে সমবেত মুসল্লিদের সঙ্গে নামাজ আদায়ের চেষ্টা ছিল সবারই। জুমার নামাজের সময় ইজতেমার মূল ময়দান ছাড়িয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ আশপাশের আঞ্চলিক সড়কগুলো কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জুমার নামাজ পড়ান ঢাকার কাকরাইল মসজিদের ইমাম মাওলানা যোবায়ের।
জুমার নামাজের আগে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অনেকেই নামাজ আদায়ের জন্য মূল মাঠে পৌঁছাতে পারেননি। অনেকেই রাস্তার ওপরে, বাসের ছাদে, নৌকায় এমনকি বাড়ির ছাদেও নামাজ পড়েন। খবরের কাগজ, পলিথিন, চাটাই বিছিয়ে যে যেভাবে পেরেছেন নামাজে বসেছেন।
ভোগান্তি থাকলেও অভিযোগ নেই: জুমার নামাজের আগে সকালে ইজতেমা এলাকা ঘুরে নানা অনিয়মের চিত্র চোখে পড়ে। পর্যাপ্ত পানির ব্যবস্থা করা হলেও অজুর জন্য অনেকেই পানি সরবরাহের স্থানে যেতে পারেননি। সে কারণে অজুর জন্য জগ, মগ কিংবা বদনায় করে পানি বিক্রি করতে দেখা যায়।
ময়মনসিংহের গফরগাঁও এলাকার মুসল্লি মোর্শেদুল ইসলাম জানান, পর্যাপ্ত শৌচাগার না থাকায় মুসল্লিদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। তবে তিনি নিজেই বলেন, এত বড় আয়োজনে ছোটখাটো সমস্যা হতেই পারে।
সিরাজগঞ্জের সদর এলাকার মুসল্লি লতিফ সরকার বলেন, ‘এবারই প্রথমবারের মতো বিশ্ব ইজতেমায় আসার সুযোগ হয়েছে। আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য শুক্রবার সকালে ইজতেমায় এসেছি।’
যানজট ও ভাসমান দোকান: অবরোধ থাকলেও ইজতেমা মাঠের আশপাশে শুক্রবার থেকেই যানজট শুরু হয়। দুপুর থেকে জুমার নামাজ শেষ হওয়া পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকার আবদুল্লাহপুর থেকে টঙ্গী গাজীপুরা এলাকা পর্যন্ত রাস্তায় দুই দিকের সব গাড়িই থেমে থাকতে দেখা যায়। রাস্তার পাশে বসেছে বহু দোকান। শীতের কাপড়, ইসলামি বইপত্র, টুপি, তসবিহ, খাদ্যসামগ্রীসহ বিভিন্ন পণ্যের পসরা বসে মাঠের আশপাশে।
টঙ্গী হাসপাতালে চিকিৎসা: টঙ্গী হাসপাতাল ও সিভিল সার্জনের তত্ত্বাবধানে পরিচালিত তিনটি চিকিৎসা শিবিরে গতকাল শুক্রবার বিভিন্ন রোগে আক্রান্ত এক হাজারের বেশি মুসল্লি চিকিৎসা নিয়েছেন। এঁদের মধ্যে শ্বাসকষ্ট ও হৃদ্রোগজনিত কারণে নয়জনকে ঢাকায় পাঠানো হয়েছে এবং সাতজনকে টঙ্গী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন টঙ্গী হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. মাহবুবুর রহমান চৌধুরী।
ভ্রাম্যমাণ আদালতের জরিমানা: গাজীপুর জেলা নিয়ন্ত্রণকক্ষে দায়িত্বরত গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম জানান, ইজতেমাস্থল ও আশপাশের খাবারের দোকান ও হোটেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুর পর্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশন ও ভেজাল খাদ্য বিক্রয়ের অভিযোগে বিভিন্ন খাবারের দোকান ও হোটেলমালিকদের বিরুদ্ধে ১৬টি মামলা এবং ৪৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।