বিশ্ব ক্লাবফুট দিবস উপলক্ষে সাইকেল শোভাযাত্রা
বিশ্ব ক্লাবফুট দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরে সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। লায়ন মোখলেছুর রহমান ফাউন্ডেশন গতকাল শুক্রবার সকালে এর আয়োজন করে।
চট্টগ্রাম নগরের জিইসি মোড় থেকে শুরু হওয়া ব্যতিক্রমী শোভাযাত্রাটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডিসি হিলে এসে শেষ হয়। এতে অ্যাডভেঞ্চার ক্লাব অব চিটাগাংয়ের সদস্যরা অংশ নেন। শোভাযাত্রা শেষে ডিসি হিলে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ভূমিষ্ঠ শিশুর জন্মগত ত্রুটির মধ্যে অন্যতম হচ্ছে ক্লাবফুট (মুগুর পা) সমস্যা। সুনির্দিষ্ট কারণ ছাড়াই আমাদের দেশে প্রতিবছর পাঁচ হাজারের বেশি শিশু এই সমস্যা নিয়ে জন্ম গ্রহণ করে।
বক্তারা আরও বলেন, ‘ক্লাবফুট আক্রান্ত কোনো শিশুই যেন বিনা মূল্যের চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত না হয়। তাদের চিকিৎসায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আজকের সাইকেল শোভাযাত্রা তাদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।’
সমাবেশে বক্তব্য দেন সংগঠনের নির্বাহী পরিচালক ডা. শামীম খান, জ্যেষ্ঠ অঞ্চল সমন্বয়ক মো. কমর উদ্দিন, কর্মসূচি ব্যবস্থাপক সুমিত বণিক, মো. সাফায়াত খান, ডা. এম ও এফ ফয়সাল প্রমুখ।