বিশ্ব ক্ষুধা সূচকে ১০ ধাপ এগিয়েছে বাংলাদেশ
বৈশ্বিক ক্ষুধা সূচকে (জিএইচআই) বাংলাদেশ ১০ ধাপ এগিয়েছে। এ সূচকে গত বছর ৬৮তম অবস্থানে থাকলেও এবার ৫৮তম স্থান পেয়েছে বাংলাদেশ। তবে জিএইচআই বলছে, এ দেশে ক্ষুধা-পরিস্থিতি এখনো ‘গুরুতর’। খবর ইউএনবি।
ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট (আইএফপিআরআই), কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এবং ওয়েলথাংগারহিফলের যৌথ উদ্যোগে তৈরি দ্য অক্টোবর ২০১৩ গ্লোবাল হাঙ্গার ইনডেক্স (জিএইচআই) প্রতিবেদন গত বৃহস্পতিবার ওয়েবসাইটে প্রকাশিত হয়।
পুষ্টিহীনতা, শিশুর ওজনহীনতা ও শিশুমৃত্যু—এই তিনটি সূচকের সমন্বয়ে জিএইচআই তৈরি করা হয়েছে। ১০০ পয়েন্টের স্কেলে বিভিন্ন দেশ শূন্য (সবচেয়ে ভালো বা সম্পূর্ণ ক্ষুধামুক্ত) থেকে ১০০ (সবচেয়ে খারাপ) পর্যন্ত পেয়েছে।
জিএইচআই প্রতিবেদনে বলা হয়, ১৯৯০ সালের পর থেকে ক্ষুধা-পরিস্থিতিতে তাৎপর্যপূর্ণ অগ্রগতি অর্জনকারী শীর্ষ ১০টি দেশের মধ্যে বাংলাদেশও রয়েছে। তবে ১৯ দশমিক ৪ পয়েন্ট পাওয়ার কারণে বাংলাদেশে ক্ষুধা-পরিস্থিতি গুরুতর বলে চিহ্নিত করা হয়েছে। ২০১১ সালে জিএইচআইতে বাংলাদেশ ২৭ দশমিক ৮ পয়েন্ট পেয়েছিল। পরের বছর এটি ২৪ পয়েন্টে নেমে আসে।
১৯৯০ ও ২০১৩ সালের জিএইচআই প্রতিবেদনের তুলনা করে দেখা যায়, কয়েকটি দেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে—অ্যাঙ্গোলা, বাংলাদেশ, কম্বোডিয়া, ইথিওপিয়া, ঘানা, মালাওয়ি, নাইজার, রুয়ান্ডা, থাইল্যান্ড ও ভিয়েতনাম।
প্রতিবেদনে আরও বলা হয়, ‘১৯৯০-৯২ সালে বিশ্বে অনাহারী মানুষের সংখ্যা ছিল ১০০ কোটি। আর আজ ক্ষুধার্তের এ সংখ্যা ৮৭ কোটি বা প্রতি আটজনে একজন। কাজেই এ ব্যাপারে আমাদের আত্মতুষ্টির সময় এখনো আসেনি।’
ওয়াশিংটন ডিসিতে আইএফপিআরআইয়ের সদর দপ্তরে গতকাল শুক্রবার জিএইচআই ২০১৩ প্রতিবেদনের প্রকাশনা উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।