বিশ্ব খাদ্য সংস্থার নির্বাহী বোর্ডের সদস্য বাংলাদেশ
তিন বছরের (২০১৬-১৮) জন্য জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থার (ডব্লিউএফপি) নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। গতকাল মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে ভোটের মাধ্যমে সংস্থাটির সব সদস্য রাষ্ট্র সর্বসম্মতিক্রমে বাংলাদেশকে নির্বাচিত করে। এর মধ্য দিয়ে বাংলাদেশের কৃষি উন্নয়নে বিশ্বের আস্থা সুদৃঢ় হয়েছে বলে মনে করা হচ্ছে।
আজ বুধবার ভোরে জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী মিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ গত সাত বছরে কৃষি ও খাদ্য উৎপাদনে ব্যাপক সাফল্য অর্জন করেছে। ২০০৯ সাল থেকে কৃষি উন্নয়নমুখী ব্যাপক কর্মকাণ্ড বাস্তবায়নের ফলে জনসংখ্যা বৃদ্ধি ও কৃষিজমি হ্রাস সত্ত্বেও বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। দেশ চাল রপ্তানি শুরু করেছে। অন্যান্য কৃষিপণ্য রপ্তানি প্রতিবছরই বাড়ছে। কৃষিভিত্তিক শিল্প গড়ে উঠেছে। খাদ্যশস্য উৎপাদন প্রায় চার কোটি টনে পৌঁছেছে। জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে। গ্রামীণ দারিদ্র্য ব্যাপকভাবে হ্রাস পেয়েছে।
গত সাত বছরে মৎস্য, পোলট্রি ও দুধ উৎপাদন কয়েকগুণ বেড়েছে উল্লেখ করে স্থায়ী মিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনগণের পুষ্টি গ্রহণের হার বেড়েছে। স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নে কৃষি ও খাদ্যে অগ্রগতির ইতিবাচক প্রভাব পড়েছে। মানুষের গড় আয়ু বেড়েছে। আর্থসামাজিক অন্যান্য খাতেও ব্যাপক উন্নতি হয়েছে। বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। বিশ্বের এই আস্থা অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি খাতে আরও বেশি উন্নতি করার প্রেরণা পাবে বলে পর্যবেক্ষকেরা আশা প্রকাশ করেন।