বিশ্ব গণমাধ্যমে ঢাকায় জোড়া খুনের ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কলাবাগানের এক বাসায় গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের সাহায্য সংস্থা ইউএসএআইডির কর্মকর্তা জুলহাজ মান্নান এবং তাঁর বন্ধু মাহবুব তনয়কে কুপিয়ে হত্যার ঘটনা তাৎক্ষণিকভাবে আন্তর্জাতিক গণমাধ্যমে স্থান করে নিয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশের পাশাপাশি এ ঘটনায় বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং সাংবাদিকদের অধিকারবিষয়ক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। বাংলাদেশে সমকামীদের অধিকার-বিষয়ক প্রথম পত্রিকা রূপবান-এর সম্পাদক ছিলেন জুলহাজ মান্নান।

যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জন কিরবি বলেন, ‘জুলহাজ মান্নানের ওপর নিষ্ঠুর হামলার ঘটনায় আমরা দারুণ ক্ষুব্ধ। তিনি আমাদের দূতাবাসের একজন প্রিয় সদস্য এবং এলজিবিটিদের অধিকার ও মানবাধিকার বিষয়ের সাহসী কর্মী।’

বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়াবিষয়ক পরিচালক চম্পা প্যাটেল বলেন, ‘বাংলাদেশে শুধু এ মাসেই চারজনকে নৃশংসভাবে খুন করা হয়েছে। এটা খুবই দুঃখজনক যে, তাঁদের ওপর হামলাকারী কেউ ধরা পড়েনি। আর নাগরিক সমাজের যাঁদের হুমকি দেওয়া হয়েছে, তাঁদের সুরক্ষায়ও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’ তিনি আরও বলেন, ‘মানুষের জীবন রক্ষার অধিকার সুরক্ষা করা এবং তার প্রতি সম্মান প্রদর্শনে আইনগতভাবে বাংলাদেশ সরকারের দায়দায়িত্ব রয়েছে।’

বাংলাদেশে ‘এলজিবিটি সম্পাদক খুন’ শিরোনামে বিবিসি বলেছে, বাংলাদেশে সন্দেহভাজন উগ্রপন্থীরা একধরনের নিরাপত্তার আশ্বাস পাচ্ছে; যেখানে তারা মনে করছে, কোনো রকম বিচারের মুখোমুখি হওয়া ছাড়াই তারা হত্যাকাণ্ড সংঘটিত করতে পারে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, জুলহাজ মান্নান ও তাঁর বন্ধুকে হত্যার ঘটনায় ‘বাংলাদেশের সমকামী সম্প্রদায়ের’ মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়তে পারে।

যুক্তরাষ্ট্রেরওয়াল স্ট্রিট জার্নাল-এর খবরে বলা হয়, সম্প্রতি বাংলাদেশে বিদেশি নাগরিক, ধর্মীয় সংখ্যালঘু, ধর্মনিরপেক্ষ ব্লগারদের ওপর রক্তক্ষয়ী বেশ কিছু হামলা হয়েছে। এসব ঘটনায় বাংলাদেশে উগ্রপন্থীদের অবস্থান মজবুত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। বার্নিকাটের দেওয়া এক বিবৃতি উল্লেখ করে পত্রিকাটিতে বলা হয়, ‘জুলহাজ মান্নান ও আরেক বাংলাদেশির নৃশংস হত্যায় আমি ভীষণভাবে মর্মাহত। জুলহাজ আমাদের কাছে একজন সহকর্মীর চেয়েও বড় কিছু ছিলেন।’

যুক্তরাজ্যেরগার্ডিয়ানপত্রিকাও বার্নিকাটের উদ্ধৃতি উল্লেখ করে বলেছে, ‘জ্ঞানবুদ্ধিহীন সহিংসতার এ ঘটনায় গভীর ঘৃণা জানাই এবং বাংলাদেশ সরকারের কাছে এসব হত্যার পেছনে দায়ী ব্যক্তিদের গ্রেপ্তারে জোরালো ভাষায় আহ্বান জানাই।’

জুলহাজ মান্নান হত্যার নিন্দা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের সাবেক হাইকমিশনার রবার্ট গিবসন। গতকাল সন্ধ্যায় তিনি এক টুইটার বার্তায় বলেন, ‘ভয়ংকর। আমি আমার বন্ধু ও মানবাধিকারকর্মী জুলহাজের হত্যার নিন্দা জানাই। হত্যাকারীদের অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে।’

এ ছাড়া দুজনকে কুপিয়ে হত্যার ঘটনা নিয়ে প্রায় একই ধরনের তথ্য দিয়ে খবর প্রকাশ করে সিএনএন, এপি, এএফপি, দ্য ইনডিপেনডেন্ট, এনডিটিভি, জিনিউজ, ইন্ডিয়া টুডেসহ আরও কিছু গণমাধ্যম।