বিশ্ব চায় বিএনপি জঙ্গিদের ত্যাগ করুক: তোফায়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জোহরা তাজউদ্দীন স্মরণে গতকাল প্রেসক্লাবে আয়োজিত স্মরণসভায় বক্তব্য দেন তোফায়েল আহমেদ  প্রথম আলো
জোহরা তাজউদ্দীন স্মরণে গতকাল প্রেসক্লাবে আয়োজিত স্মরণসভায় বক্তব্য দেন তোফায়েল আহমেদ প্রথম আলো

বিশ্বের ১০টি সক্রিয় সশস্ত্র গোষ্ঠীর তালিকায় বাংলাদেশের ইসলামী ছাত্রশিবিরের নাম অন্তর্ভুক্ত হওয়ার কথা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি জঙ্গিদের সঙ্গে জোট করেছে। আজকে যখন সারা বিশ্ব চায় বিএনপি জঙ্গিদের সঙ্গ ত্যাগ করুক, তখন বিএনপির নেতা খালেদা জিয়া বলেন, ‘আমরা কাদের সঙ্গে জোট করব কি করব না, সেটা আমরাই সিদ্ধান্ত নেব।’
গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জোহরা তাজউদ্দীন স্মরণে বাংলাদেশ আওয়ামী ফোরাম আয়োজিত স্মরণসভায় তোফায়েল আহমেদ এসব কথা বলেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক তথ্য ও মতামত সরবরাহকারী সংস্থা হিসেবে পরিচিত আইএইচএসের ‘আইএইচএস জেনস ২০১৩ গ্লোবাল টেররিজম অ্যান্ড ইনসারজেন্সি অ্যাটাক ইনডেক্স’-এ বিশ্বের ১০টি সক্রিয় সশস্ত্র গোষ্ঠীর তালিকায় বাংলাদেশের ইসলামী ছাত্রশিবিরের নাম এসেছে। এ তালিকায় ১ নম্বরে আছে থাইল্যান্ডের বারিসান রেভুলুসি নাসিওনাল। দ্বিতীয় স্থানে আছে তালেবান। তালিকায় ৩ নম্বরে আছে জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন শিবিরের নাম। এ প্রসঙ্গে গতকাল তোফায়েল আহমেদ এ মন্তব্য করলেন।
তোফায়েল আহমেদ বলেন, বিএনপির নেতারা প্রতিদিনই জঙ্গিগোষ্ঠীর পক্ষে বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছেন। জোহরা তাজউদ্দীনের অবদান স্মরণ করে তোফায়েল বলেন, তিনি পঁচাত্তরের পর আওয়ামী লীগের হাল ধরে, সম্মেলন করে শেখ হাসিনার হাতে আওয়ামী লীগের পতাকা তুলে দিয়েছিলেন। তিনি অনেক পরিশ্রম করেছেন সংগঠনের জন্য। তাঁর ওপর অর্পিত দায়িত্ব তিনি যথাযথভাবে পালন করেছিলেন। সংগঠনের সভাপতি মো. এমরান চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমানসহ কায়সার-ই-আলম প্রধান।
কামাল হোসেনের সমালোচনা: স্মরণসভায় গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের উদ্দেশে রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, ‘বহু নেতা আওয়ামী লীগের সঙ্গে বেইমানি করেছিলেন। যেমন একজনের কথা বলতে পারি, তিনি হলেন কামাল হোসেন। ৫ জানুয়ারি নির্বাচনের আগে ও মাঝে মাঝে তিনি জাতিকে জ্ঞান দেন। তিনি কখনো নির্বাচনে জয়ী হতে পারেননি। জামানত বাতিল হয়। তিনি আমাদের নেত্রী শেখ হাসিনাকে মাইনাস করতে চেয়েছিলেন।’