বিশ্ব জনসংখ্যা দিবস আজ
‘তারুণ্যে বিনিয়োগ, আগামীর উন্নয়ন’—এ স্লোগান সামনে রেখে আজ ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হবে। বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা দিবসটি নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করবে।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে দেওয়া বাণীতে বলেছেন, বাংলাদেশের ভূ-আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক বেশি। দেশের আর্থসামাজিক উন্নয়নে সম্পদ ও জনসংখ্যার ভারসাম্য রক্ষা করা গুরুত্বপূর্ণ। দেশের জনসংখ্যার এক-তৃতীয়াংশ তরুণ প্রজন্ম। এদের শিক্ষা, সুস্বাস্থ্য ও জীবনদক্ষতার ওপর নির্ভর করছে দেশের ভবিষ্যৎ সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসংখ্যা দিবসের বাণীতে বলেছেন, ‘ভবিষ্যতের তরুণ সম্প্রদায়কে জনসম্পদ হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ। আমরা তরুণ সম্প্রদায়ের শিক্ষা, জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি তাদের প্রজননস্বাস্থ্যের পরিচর্যা নিশ্চিত করতে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। সারা দেশে কমিউনিটি ক্লিনিক চালু করা হয়েছে। প্রতি মাসে ৩০ হাজার স্যাটেলাইট ক্লিনিক ঘরে ঘরে গিয়ে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশুস্বাস্থ্য বিষয়ে সেবা ও পরামর্শ দিচ্ছে।’