বিশ্ব জনসংখ্যা দিবস আজ
আজ বিশ্ব জনসংখ্যা দিবস। দিবসটির এই বছরের প্রতিপাদ্য ‘৭০০ কোটি মানুষের বিশ্বে: পরিকল্পিত পরিবার, দেশ গড়ার অঙ্গীকার।’ ১৯৮৭ সালের ১১ জুলাই বিশ্বের জনসংখ্যা ৫০০ কোটি পূর্ণ হওয়ার পর থেকে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও জনসংখ্যা বৃদ্ধিজনিত সমস্যা সম্পর্কে সার্বিক সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে দিবসটি পালিত হয়ে আসছে। আগামী ৩১ অক্টোবর এই জনসংখ্যা ৭০০ কোটিতে পৌঁছাবে বলে জানিয়েছে জাতিসংঘ জনসংখ্যা তহবিল।দিবসটি উপলক্ষে জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছেন, ‘এই বছরের শেষ দিকে যে শিশুটির জন্মে বিশ্বের জনসংখ্যা ৭০০ কোটিতে পৌঁছাবে, সেই শিশুটি একটি বৈপরীত্যে ভরা পৃথিবী দেখবে। কারও খাদ্যের অভাব নেই, তবু পৃথিবীর এক কোটি মানুষ ক্ষুধার্ত অবস্থায় দিন যাপন করছে। আমরা বহু রোগ নির্মূল করতে পারি, তবু নানা রোগের বিস্তার ঘটছে। আমাদের প্রাকৃতিক সম্পদের অভাব নেই, তবু এই সম্পদ প্রতিনিয়ত নিপীড়ন আর বঞ্চনার জন্ম দিচ্ছে। প্রত্যেক বিবেকবান মানুষ শান্তির স্বপ্ন দেখে, কিন্তু বিশ্বের বহু দেশে হানাহানি আর অস্ত্রের ঝংকার। আমাদের প্রত্যেকের উচিত সবার কথা চিন্তা করা।’দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।