বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে নানা কর্মসূচি
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সারা দেশের বিভিন্ন স্থানে শোভাযাত্রা ও আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
দিনাজপুর: দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০টার একটি শোভাযাত্রা ফুলবাড়ী উপজেলা চত্বর থেকে বের হয়। শোভাযাত্রা শেষে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এহতেশাম রেজা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা পারভিন ও সহকারী কমিশনার (ভূমি) মহসিন মৃধা। বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা হামিম আশরাফ, খয়েরবাড়ী ইউপি চেয়ারম্যান আবু তাহের প্রমুখ। সভা শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে শ্রেষ্ঠ কর্মী হিসেবে এলুয়াড়ী ইউপি কর্মী শামসুন্নাহার, খয়েরবাড়ী ইউপি কর্মী আমিনা খাতুন ও শ্রেষ্ঠ কেন্দ্র খয়েরবাড়ী ইউপির চেয়ারম্যানকে সংবর্ধনা দেওয়া হয়।
ঠাকুরগাঁও: দিবসটি উপলক্ষে জেলা পরিবার পরিকল্পনা বিভাগ অনুষ্ঠানের আয়োজন করে। পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদানের জন্য জেলার দুজন শ্রেষ্ঠ কর্মী ও পাঁচটি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে পরিবার পরিকল্পনা ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের উপপরিচালক মো. তারিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার আশিকুজ্জামান আকতার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. তৈমুর রহমান, সদর উপজেলার ইউএনও মো. আশরাফুল ইসলাম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মনোয়ারা চৌধুরী প্রমুখ।
এর আগে সকালে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে জেলা প্রশাসন চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়।
সৈয়দপুর (নীলফামারী): দিবসটি উপলক্ষে গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর মা ও শিশুকল্যাণ কেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা জাহেদুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজমল হোসেন সরকার। বক্তব্য দেন উপজেলা নারী ভাইস চেয়ারম্যান রওনক জাহান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শাহ আলম, খালেদা বেগম, আখতার জাহান, মো. আনিসুর রহমান প্রমুখ। পরে একটি শোভাযাত্রা বের হয়।