বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছেন, পরিবার পরিকল্পনা বাস্তবায়ন ও জনসংখ্যা বিষয়ে সচেতনতা বাড়াতে তরুণদের কাজে লাগাতে হবে। পাশাপাশি বাল্যবিবাহ বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।গতকাল বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।জনসংখ্যা বৃদ্ধির জন্য বাল্যবিবাহকে দায়ী করে রুহুল হক বলেন, দেশে ১৮ বছরে অধিকাংশ মেয়ের বিয়ে হয়ে যায়। ১৯ বছরেই তাঁরা মা হন। এ জন্য জনসংখ্যা যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনি অপুষ্টি নিয়ে শিশু জন্ম নিচ্ছে।স্বাস্থ্যসচিব এম এম নিয়াজউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও পরিবারকল্যাণবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির এবং বাংলাদেশের ইউএনএফপিএর অফিসার ইনচার্জ মিজ ইউকি সুহিরো।অনুষ্ঠানে প্রতিবারের মতো এবারও মা ও শিশুস্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদানের জন্য জাতীয় পর্যায়ে সাত শ্রেষ্ঠ কর্মী ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, রচনা প্রতিযোগিতায় বিজয়ী দুজন এবং পোস্টার অঙ্কন প্রতিযোগিতায় আট বিজয়ীকে পুরস্কৃত করা হয়।এ ছাড়া বাংলাদেশে জনসংখ্যা ও পরিবার পরিকল্পনাবিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ ও প্রণয়নে শ্রেষ্ঠত্ব অর্জন করায় সাতজন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিককে পুরস্কার দেওয়া হয়।