‘ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে গত মাসে শেষ হওয়া বিশ্ব জলবায়ু সম্মেলন বাংলাদেশকে নিরাশ না করলেও পুরোপুরি সন্তুষ্ট করতে পারেনি। তাই এ বছর মেক্সিকোয় অনুষ্ঠেয় সম্মেলনে একটি আন্তর্জাতিক চুক্তি সইয়ের জন্য আমাদের কাজ করতে হবে।’ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন সম্প্রতি জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এক যৌথ সভায় এ মন্তব্য করেন। গতকাল মঙ্গলবার এক তথ্য বিবরণীতে বলা হয়, জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ), জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) ও বিশ্ব খাদ্য সংস্থা (ডব্লিউএফপি) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে ওই যৌথসভার আয়োজন করে। সভায় জলবায়ু পরিবর্তনের ফলে দরিদ্র দেশগুলো বিশেষ করে ছোট দেশ, দ্বীপ দেশ ও ভূমিবেষ্টিত দেশগুলো কীভাবে সমস্যার মুখোমুখি হচ্ছে তা নিয়ে আলোচনা হয়।আবদুল মোমেন বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হচ্ছে। এ ছাড়া জলবায়ু পরিবর্তনের দরুন বাংলাদেশের খাদ্য নিরাপত্তা, কৃষি উত্পাদনসহ, পানিসম্পদ, স্বাস্থ্য, জ্বালানি, নগরায়ণ ইত্যাদি ঝুঁকির মুখে পড়ছে। ইউনিসেফের নির্বাহী বোর্ডের নবনির্বাচিত সভাপতি হিসেবে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ সভায় বক্তব্য দেন।