বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস আজ
‘সড়ক নিরাপত্তা উন্নয়নে তথ্যপ্রযুক্তি’ প্রতিপাদ্য নিয়ে আজ শুক্রবার দেশজুড়ে উদ্যাপিত হচ্ছে ১৪৮তম বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস।দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন, বিটিআরসির চেয়ারম্যান সুনীল কান্তি বোস পৃথক বাণী দিয়েছেন।ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবসের মূল অনুষ্ঠানের উদ্বোধন করবেন। এরপর দিবসটির প্রতিপাদ্যের সঙ্গে সমন্বয় রেখে সেখান থেকে একটি রোড শো অনুষ্ঠিত হবে। এ ছাড়া বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) উদ্যোগে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিকেলে সেমিনার এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে অনলাইন রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।দিনটি উপলক্ষে বিভিন্ন জাতীয় দৈনিক বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে। সরকারি টেলিভিশন ও বেতার এবং বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করবে।