বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত তিন জেলায়
নানা কর্মসূচির মধ্য দিয়ে কুড়িগ্রাম, দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলায় গতকাল সোমবার বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা, আলোচনা সভা, বিনা মূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসাসেবা।
দিবসটি উপলক্ষে গতকাল দুপুরে কুড়িগ্রাম ডায়াবেটিস সমিতির আয়োজনে শোভাযাত্রা বের করা হয়। এটি শহর প্রদক্ষিণ শেষে সদর হাসপাতাল চত্বরে এসে শেষ হয়। পরে সদর হাসপাতাল মিলনায়তনে আলোচনা সভা ও বিনা মূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়। সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবদুল লতিফ খান, সিভিল সার্জন আমিনুল ইসলাম, কুড়িগ্রাম ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মেজর (অব.) আব্দুস সালাম প্রমুখ।
এদিকে দিনাজপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সকাল সাড়ে আটটায় দিনাজপুর ইনস্টিটিউট থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে আবার ইনস্টিটিউটে ফিরে আসে। পরে ইনস্টিটিউট মাঠে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন দিনাজপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আবদুল লতিফ। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহাফুজ্জামান আশরাফ, ডেপুটি সিভিল সার্জন শামীম আরা নাজনীন। ‘অন্ধত্ব এড়াতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন’—এ বছর বিশ্ব ডায়াবেটিস দিবসের এই মূল প্রতিপাদ্যের ওপর আলোচনা করেন দিনাজপুর বিএনএসবি চক্ষু হাসপাতালের প্রধান সার্জন ও ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম খান। অনুষ্ঠানে বিনা মূল্যে ৫৮০ জনের ডায়াবেটিস পরীক্ষা করা হয়।
গতকাল দুপুরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পূর্ব চৌরাস্তা থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক ঘুরে পালিগাঁওয়ে পীরগঞ্জ ডায়াবেটিস চিকিৎসা কেন্দ্রে গিয়ে শেষ হয়। বেলা দেড়টার দিকে সেখানে মানববন্ধন করা হয়। কেন্দ্রটির পরিচালক ফয়জুল ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য দেন দিনাজপুর ডায়াবেটিস হাসপাতালের সাবেক প্রধান চিকিৎসা কর্মকর্তা মোসাদ্দেকুল ইজদানী, কেন্দ্রের কোষাধ্যক্ষ সোলায়মান আলী প্রমুখ। এরপর অর্ধশতাধিক রোগীকে বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হয়।