বিশ্ব তামাকমুক্ত দিবস আজ
আজ বিশ্ব তামাকমুক্ত দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় হচ্ছে, ‘জেন্ডার অ্যান্ড টোব্যাকো, উইথ অ্যান এমফাসিস অন মার্কেটিং টু উইমেন’। লিঙ্গভেদে বিশেষ করে নারীদের তামাক ব্যবহারের বিভিন্ন দিক বিশ্লেষণ করা এবং তাদের কাছে তামাক বিপণন হ্রাসে কার্যকর পদক্ষেপ নেওয়াই এ প্রতিপাদ্যের মূল কথা।দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, নারীরা যাতে পরোক্ষ ধূমপান এবং তামাকপাতা ও জর্দার ব্যবহার থেকে নিজেদের দূরে রাখেন, সে জন্য গণসচেতনতা বাড়ানো জরুরি। তিনি ধূমপান ও তামাকজাত পণ্য বর্জনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।দিবসটি উপলক্ষে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, দেশের নারীদের মধ্যে জর্দা ও সাদাপাতা ধরনের তামাক ব্যবহারের হার অনেক। এ ব্যাপারে সচেতনতা বাড়াতে হবে। পাশাপাশি পরোক্ষ ধূমপানের হাত থেকে নারীদের রক্ষা করতে হবে। তিনি আরও বলেন, বিদ্যমান আইনে জর্দা, গুল, খইনিকে তামাকজাত দ্রব্যের সংজ্ঞায় আনা হয়নি। যে কারণে এসব তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। তবে এসব দ্রব্য তামাকের আইনে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।