বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী ও গাইবান্ধায় শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে গতকাল রোববার বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। ‘তামাকজাত পণ্যের অবৈধ ব্যবসা বন্ধ কর’ স্লোগানে দিবসটি পালিত হয়।
নীলফামারীতে গতকাল সকালে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আবার আগের স্থানে ফিরে স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এনামুল হক। গাইবান্ধায় সিভিল সার্জনের কার্যালয় থেকে সকাল ১০টায় শোভাযাত্রাটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে আবার আগের স্থানে ফিরে আলোচনা সভায় রূপ নেয়। শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক এহছানে এলাহী।
ভারপ্রাপ্ত সিভিল সার্জন হারুন-অর-রশীদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার ফকরুজ্জামান জুয়েল, সাংবাদিক রেজাউল হক প্রমুখ।