বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

নীলফামারী ও পঞ্চগড়ে গতকাল মঙ্গলবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে গতকাল বেলা ১১টার দিকে নীলফামারী জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। পরে পুরাতন হাসপাতাল চত্বরে আলোচনা সভা হয়। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার ইমাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা আবতাব হোসেন, জেলা স্বাস্থ্য বিভাগের চিকিৎসা কর্মকর্তা মনিরুজ্জামান, জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আবদুল কাদের প্রমুখ।
বক্তারা বলেন, তামাক নিয়ন্ত্রণে প্রয়োজন জনসচেতনতা। সচেতনতা বাড়াতে তামাকের ক্ষতিকর দিক তুলে ধরে প্রচারণা চালিয়ে জনগণকে সচেতন করতে হবে। কর্মসূচিতে এনজিও প্রতিনিধি, স্বাস্থ্য বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এদিকে দিবসটি উপলক্ষে গতকাল সকালে পঞ্চগড় জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এনজিও প্রতিনিধি, শিক্ষার্থী ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা শোভাযাত্রায় অংশ নেন। পরে সিভিল সার্জন অফিস চত্বরে সিভিল সার্জন পীতাম্বর রায়ের সভাপতিত্বে আলোচনা সভা হয়। সভায় চিকিৎসক মোশারফ হোসেন, আফরোজা বেগম, স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা মো. জিয়াউদ্দিন বক্তব্য দেন।