বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত
নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার পালিত হলো বিশ্ব তামাকমুক্ত দিবস। এসব কর্মসূচির মধ্যে ছিল আলোচনা, শোভাযাত্রা ও পদক প্রদান অনুষ্ঠান।স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছেন, তামাক ব্যবসায়ীদের প্রধান লক্ষ্য যুব সমাজ। তাই দেশের যুব সমাজকে সম্পৃক্ত করে তামাকবিরোধী আন্দোলনকে বেগবান করতে হবে।স্বাস্থ্যসচিব মুহম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মো. সিফায়েত উল্লাহ, বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি অরুণ ভদ্র থাপা প্রমুখ।তামাক চাষ নিয়ন্ত্রণের আহ্বান: খাদ্যমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেছেন, তামাক চাষ নিয়ন্ত্রণ করে খাদ্যশস্যের চাষ বাড়াতে হবে। যেসব জমিতে তামাক চাষ করা হয়, সেসব জমিতে ধান চাষ করে আমদানির ওপর নির্ভরতা কমিয়ে আনা সম্ভব। রূপসী বাংলা হোটেলে (সাবেক শেরাটন) এক অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী এ কথা বলেন। প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) সহায়তায় প্রজ্ঞা, অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স ও ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে কয়েকজন সাংবাদিককে সম্মাননা দেওয়া হয়।মানস: জাতীয় জাদুঘরে মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা (মানস) আয়োজিত এক আলোচনা সভা ও পদক প্রদান অনুষ্ঠানে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে। মানসের প্রতিষ্ঠাতা অরূপ রতন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক অ্যাটর্নি জেনারেল রফিক-উল হক, সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশিদ, হামদর্দ ল্যাবরেটরিজের ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ হারুন ভূঁইয়া, মানসের মহাসচিব ইলিয়াস কাঞ্চন প্রমুখ।জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ক্যানসার সোসাইটি এবং বাংলাদেশ ক্যানসার হসপিটাল অ্যান্ড ওয়েলফেয়ার হোমের উদ্যোগে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ।বাংলাদেশ তামাকবিরোধী জোটসহ কয়েকটি সংগঠনের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে সাইকেল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা উদ্বোধন করেন এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীম। এ ছাড়া বাংলাদেশ নারী মুক্তি আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক লীগ, ধূমপানমুক্ত বিশ্ব আলাদাভাবে আলোচনা সভার আয়োজন করে।