বিশ্ব নাট্য দিবসে সিলেটে সাতটি পথনাটক
বিশ্ব নাট্য দিবস উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও পথনাটক উৎসব করেছে সম্মিলিত নাট্য পরিষদ সিলেট। গত শুক্রবার বিকেলে নগরের চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিকেল সাড়ে চারটায় নাট্যকর্মীদের শোভাযাত্রা শুরু হয়। এটি নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে এসে মিলিত হয়।
শোভাযাত্রা শেষে আয়োজিত এক সভায় বক্তব্য দেন উদীচী কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. আরশ আলী, মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিটের সভাপতি ভবতোষ রায়বর্মণ, নাট্য পরিষদের পরিচালক অরিন্দম দত্ত, সভাপতি অনুপ কুমার দেব, সাবেক সভাপতি সৈয়দ মনির হেলাল, সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত প্রমুখ।
সন্ধ্যা সাতটায় পথনাটক পরিবেশন করেছে নগরের সাতটি নাট্য সংগঠন। এগুলো হচ্ছে কথাকলি, দিগন্ত থিয়েটার, প্রজন্ম থিয়েটার, মৃত্তিকায় নাট্যযোগ, মেট্রোপলিটন ইউনিভার্সিটি থিয়েটার, থিয়েটার পজিট্রন ও দক্ষিণ সুরমা থিয়েটার। নাটক শুরুর আগে সংগীতশিল্পী অংশুমান দত্ত, নিরঞ্জন দে ও শান্তনু সেন গণসংগীত পরিবেশন করেন।