বিশ্ব নারী আন্দোলন একটি নকশিকাঁথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব নারী আন্দোলনকে নকশিকাঁথার সঙ্গে তুলনা করা যায়। নকশিকাঁথা যেমন বিভিন্ন রঙের ও নমুনার হয়, প্রতিটি নকশা নিজস্ব স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিনিধিত্ব করে, নারী আন্দোলনও তেমনি।
গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ মিলনায়তনে ‘ড. আহমদ শরীফ স্মারক বক্তৃতা-২০১৬’তে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম এসব কথা বলেন। তিনি ‘নারী আন্দোলন কর্মীর ভাবনা’ শীর্ষক এ বক্তৃতা দেন।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক এ কে এম সা’দউদ্দিন ও জাতীয় গণফ্রন্টের প্রধান সমন্বয়ক টিপু বিশ্বাসকে আহমদ শরীফ স্মারক পুরস্কার দেওয়া হয়। স্বদেশ চিন্তা সংঘ এ অনুষ্ঠানের আয়োজন করে।
স্মারক বক্তৃতায় আয়শা খানম বলেন, নকশিকাঁথায় সৃজনশীলতা ফুটে ওঠে, আবার শীত নিবারণ হয়। বিশ্ব নারী আন্দোলনের জন্য এটি একটি সুন্দর প্রতীক। নারী আন্দোলন চলছে এমন একটা বিশ্ব গড়ে তোলার জন্য, যে বিশ্বে মানুষ লিঙ্গ, ধর্ম, বর্ণ, গোত্রনির্বিশেষে সৌন্দর্য আর নিরাপত্তা খুঁজে পাবে। তিনি বলেন, নারী আন্দোলনের বহু বৈচিত্র্যময় বর্ণিল কর্মধারার ইতিহাস বলে দেয় বিশ্ব নারী আন্দোলন বহমান।
স্বদেশ চিন্তা সংঘের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের সভাপতিত্বে স্মারক বক্তৃতা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে অধ্যাপক এ কে এম সা’দউদ্দিন ও টিপু বিশ্বাস উপস্থিত ছিলেন।