বিশ্ব নৈতিকতা দিবস ঘোষণার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নৈতিকতা দিবস উপলক্ষে গতকাল সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এথিকস ক্লাব আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রার্থনা পরিচালনা করেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ l ছবি: প্রথম আলো
নৈতিকতা দিবস উপলক্ষে গতকাল সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এথিকস ক্লাব আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রার্থনা পরিচালনা করেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ l ছবি: প্রথম আলো

‘সত্য বল সুপথে চল, ওরে আমার মন/ সত্য সুপথ না চিনিলে পাবিনে মানুষের দরশন’ কিংবা ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি’—লালনের এসব গানে ছড়িয়ে আছে শিক্ষা। এ শিক্ষা নৈতিকতার, এ শিক্ষা মানবতার।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে শিশুদের সামনে নৈতিকতার শিক্ষা নিয়ে হাজির হয়েছিল এথিকস ক্লাব বাংলাদেশ। ২৬ জানুয়ারিকে বিশ্ব নৈতিকতা দিবস হিসেবে ঘোষণার দাবিতে শিশুদের নিয়ে তাদের এই আয়োজন। ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ সময় বিশ্ব মানবতার কাছে আবেদন জানায় যেন বন্ধ হয় যুদ্ধবিগ্রহ, শিশুহত্যার উৎসগুলো।
এথিকস ক্লাবের উদ্যোগে সাত বছর ধরে ১ জানুয়ারি ‘নৈতিকতা দিবস’ পালন করা হচ্ছিল। কিন্তু ওই দিন দেশ ও বিদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ এবং খ্রিষ্টীয় নববর্ষের প্রথম দিন হওয়ায় এ বছর থেকে দিবসটি ২৬ জানুয়ারি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। অনুষ্ঠান থেকে দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি জানানো হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রার্থনা পরিচালনা করেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ।
প্রার্থনায় শিশুরা এসব হত্যাযজ্ঞ, যুদ্ধবিগ্রহ বন্ধ করার জন্য বিশ্বমানবের কাছে আকুল আবেদন জানায়। পরে এই প্রার্থনা বাণী লেখা সংযুক্ত করে আকাশে উড়িয়ে দেওয়া হয় শত শত বেলুন। শিক্ষার্থীদের মধ্যে এ সময় সেলিনা হোসেনের লেখা রাসেলের জন্য অপেক্ষা বইটি বিতরণ করা হয়।
এথিকস ক্লাবের সভাপতি এম ই চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি আবদুল মোমেন প্রমুখ উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন সমীর বাউল ও পাগলা বাবলু। দলীয় নৃত্য পরিবেশন করে স্পন্দন।