বিশ্ব পরিবেশ দিবস আজ
‘৭০০ কোটি মানুষের অপার স্বপ্ন, একটি বিশ্ব, করি না নিঃস্ব’—এ স্লোগান সামনে রেখে আজ ৫ জুন বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও পালিত হবে বিশ্ব পরিবেশ দিবস। সম্পদের ভোগ ও উপভোগ যাতে পৃথিবীর প্রাণশক্তিকে ক্ষতিগ্রস্ত না করে এবং প্রকৃতিকে বিরূপ করে না তোলে, সে জন্য পৃথিবীবাসীকে সচেতন করতেই এবারের পরিবেশ দিবসের মূল স্লোগান ঠিক করেছে জাতিসংঘের পরিবেশ কর্মসূচি।
পরিবেশ দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করবে।
বাণীতে রাষ্ট্রপতি বলেছেন, অগণিত মানুষের অনেক স্বপ্ন পূরণের জন্য রয়েছে একটিমাত্র পৃথিবী। তাই এ পৃথিবীকে লালন করতে হবে অনেক যত্নে। পৃথিবীর প্রতিবেশব্যবস্থা এখন সংকটের মুখোমুখি। প্রকৃতির ওপর কৃত্রিম উপকরণ ও অনুপযোগী প্রযুক্তির অত্যধিক প্রয়োগ, বিজ্ঞানের অপব্যবহার, অপরিণামদর্শী উন্নয়ন কর্মকাণ্ড এবং যথেচ্ছ প্রাকৃতিক সম্পদ আহরণের ফলে পৃথিবী ক্রমশ নিঃস্ব হয়ে পড়ছে। এখন সময় এসেছে লাগাম টেনে ধরার।
প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, ‘পৃথিবীতে এখন ৭০০ কোটি মানুষের বাস। সীমিত সম্পদ ব্যবহার করেই পৃথিবীবাসী তাদের প্রয়োজনে কৃষি ও শিল্পের উন্নয়ন করে যাচ্ছে। প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে সুষম উন্নয়ন নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’
দিবসটি উপলক্ষে দেওয়া বাণীতে জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেন, এটা এখন প্রমাণিত যে মানুষ পৃথিবীর প্রাকৃতিক সম্পদ যেভাবে ভোগ করছে, তাতে এই পৃথিবী টিকে থাকা কঠিন হয়ে যাবে।