বিশ্ব পরিবেশ দিবস আজ
আজ ৫ জুন, রোববার বিশ্ব পরিবেশ দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ এ দিবসটি পালিত হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য: ‘আপনার সেবায় প্রকৃতি ও বন’। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংগঠন নানা ধরনের কর্মসূচি পালন করার উদ্যোগ নিয়েছে। গতকাল শনিবারও কিছু সংগঠন পরিবেশবিষয়ক অনুষ্ঠান করেছে।আজ সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ২০১১ উদ্যাপন ও পরিবেশ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিবেশ ও বন মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করেছে। আগামী পরশু পর্যন্ত পরিবেশ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা সভারও আয়োজন করেছে মন্ত্রণালয়।সপ্তাহব্যাপী কর্মসূচি আয়োজনের অংশ হিসেবে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও নাগরিক উদ্যোগ গতকাল সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সভা করেছে। বাপার সহসভাপতি অধ্যাপক নজরুল ইসলাম অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বলেন, কিছু স্বার্থান্বেষী মহলের লোভ আর দুর্নীতিবাজ কিছু বন কর্মকর্তার কারণে আজ দেশের বনসম্পদ হারিয়ে যাচ্ছে। পরিবেশ বাঁচাও আন্দোলনও (পবা) সারা দেশে সপ্তাহব্যাপী কর্মসূচি পালন করছে।পরিবেশ দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের সেন্টার ফর ডিজাস্টার অ্যান্ড ভালনেরাবিলিটি স্টাডিজ গতকাল নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে গতকাল সেমিনার করেছে। সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি এবং উপ-উপাচার্য হারুন-অর-রশিদ এবং ভলান্টিয়ার সার্ভিস ওভারসিসের কান্ট্রি ডিরেক্টর সাহানা হায়াত বিশেষ অতিথি ছিলেন। মূল প্রবন্ধে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আইনুন নিশাত বলেন, গ্রিন হাউসের প্রভাবে বৈশ্বিক জলবায়ুর দ্রুত পরিবর্তন ঘটছে। জলবায়ু পরিবর্তনের এই ধারা অব্যাহত থাকলে ৫০ বছর পর বিশ্বে খাদ্য উৎপাদন অর্ধেকে নেমে আসবে। দিবসটি উপলক্ষে রুরাল সার্ভিসেস ফাউন্ডেশন (আরএসএফ) সারা দেশের ৩০টি উপজেলায় কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ৪৪৪ জন ছাত্রছাত্রীকে আনুষ্ঠানিকভাবে ‘পরিবেশ উৎসব পুরস্কার’ দেবে। মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই অনুষ্ঠানে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী প্রধান অতিথি থাকবেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব কমিয়ে আনা এবং অভিযোজনের আধুনিক ও উন্নত কৌশল উদ্ভাবনসহ অধিক বনায়নে অবদান রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে দেশের বনাঞ্চল সুরক্ষা ও ব্যাপক বৃক্ষরোপণের জন্য সরকারি উদ্যোগের পাশাপাশি দেশের সব নাগরিককে এগিয়ে আসার আহ্বান জানান।