
বগুড়া ও সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ‘বন্য প্রাণী ও পরিবেশ, বাঁচায় প্রকৃতি বাঁচায় দেশ’ স্লোগান সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল রোববার বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। এসবের পাশাপাশি বগুড়া শহরে দখলদূষণের কবল থেকে করতোয়া নদী রক্ষার দাবিতে মানববন্ধন করা হয়েছে।
গতকাল সকাল আটটায় পরিবেশ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে বগুড়া শহরের জিলা স্কুল থেকে পরিবেশ রক্ষায় সচেতনতামূলক এক শোভাযাত্রা বের করা হয়। এ শোভাযাত্রা উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক আশরাফ উদ্দিন। পরে শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে শহীদ টিটু মিলনায়তনে পরিবেশ সুরক্ষামূলক সমাবেশ ও আলোচনা অনুষ্ঠানে মিলিত হয়।
পরিবেশ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক এ কে এম মাসুদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ ও আলোচনা অনুষ্ঠানে জেলা প্রশাসক ছাড়াও বক্তব্য দেন বগুড়ার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন ও জেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ। শেষে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ থিয়েটারের সাংস্কৃতিক দল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
মানববন্ধন: এদিকে বিশ্ব পরিবেশ দিবসে করতোয়া নদীর গতিপথ থেকে পরিবেশবিরোধী জলকপাট অপসারণ ও নদীটিকে দখলদূষণমুক্ত করার দাবিতে মানববন্ধন ও সমাবেশে করেছেন জেলার নানা শ্রেণি-পেশার মানুষ। ‘করতোয়া বাঁচাও, পরিবেশ রক্ষা করো’ স্লোগান নিয়ে শহরের সাতমাথায় গতকাল সকালে এ কর্মসূচির আয়োজন করে সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র)।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রাচীন পুণ্ড্র সভ্যতার রাজধানী পুণ্ড্রনগর প্রতিষ্ঠিত হয়েছিল করতোয়ার তীরে। কামাক্ষীয় রাজবংশের লোকজন নিয়মিত নৌপথে এ পুণ্ড্রনগরে যাতায়াত করত। অথচ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালীর খুলশীতে পরিবেশবিরোধী জলকপাট নির্মাণ করে ইতিহাসের সাক্ষী এই করতোয়াকে মেরে ফেলা হয়েছে। এতে নদীটি গতিপথ বদলে পরিবেশের ওপর সৃষ্টি হয়েছে বিরূপ প্রতিক্রিয়া।
বক্তারা বলেন, করতোয়া ছাড়াও বগুড়া শহরে নদীর দুই ধারে অসংখ্য অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছে। প্রতিদিন বিভিন্ন কারখানার বর্জ্য ফেলা হচ্ছে নদীতে। এতে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি জনস্বাস্থ্যও হুমকির মুখে পড়েছে।
সুপ্রর সম্পাদক কে জী এম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত করতোয়া রক্ষার সমাবেশে সংহতি প্রকাশ করে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা বক্তব্য দেন।
রায়গঞ্জ উপজেলায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গতকাল বেলা ১১টার দিকে পরিবেশবাদী সংগঠন স্বাধীন জীবনের আয়োজনে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের হাজি ওয়াহেদ মরিয়ম কলেজের সভাকক্ষে আলোচনা সভা হয়।
সংগঠনের নির্বাহী পরিচালক আবদুর রাজ্জাকের সভাপতিত্বে এতে বক্তব্য দেন আবদুল বাতেন, এস আর জগবিন্দু, ধূমকেতু, মোসলেম উদ্দিন সরকার, শ্রীপর্ণা চৌধুরী, শিশির তাম্বলি, জিহাদ হাসান প্রমুখ। এর আগে দিবসটি উপলক্ষে কলেজ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণকরে। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।