বিশ্ব পরিবেশ দিবসে কাটা পড়ল গাছ
গতকাল শুক্রবার ছিল বিশ্ব পরিবেশ দিবস। বরিশাল নগরসহ বিভিন্ন স্থানে দিনব্যাপী পরিবেশ রক্ষায় গাছ লাগানোর পরামর্শ কাজে আসেনি। একদিকে যখন পরিবেশ দিবসের আয়োজন চলছে, অপর দিকে তখন চলছে গাছ কাটার উৎসব।
নগরের কাশিপুর স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ ক্যাম্পাসের নয়টি গাছ কেটেছে। নিয়ম অনুযায়ী, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের গাছ কাটতে হলে সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তার মাধ্যমে বন বিভাগের কাছে আবেদন করতে হবে। বন বিভাগ সরেজমিনে গাছ কাটার কারণ যাচাই সাপেক্ষে মূল্য নির্ধারণ করে গাছ কাটার অনুমতি দেবে। কাশিপুর স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ গাছ কাটার আগে বন বিভাগের অনুমতি নেয়নি।
গাছ কাটার জন্য বন বিভাগের অনুমতি লাগবে বলে বনজদ্রব্য পরিবহন (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০১১–তেও উল্লেখ আছে।
গতকাল সরেজমিনে দেখা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠানটির পাঁচটি মেহগনি ও একটি চাম্বলগাছ সম্পূর্ণ কাটা হয়েছে। তিনটির শাখা-প্রশাখা কেটে মূল কাছ কাটার প্রস্তুতি চলছে। কলেজ শাখার কর্মচারী নোমান হাওলাদার জানান, বেঞ্চ বানানোর জন্য মেহগনি ও চাম্বলগাছ কাটা হয়েছে। এ ছাড়া দেয়াল ভাঙার আশঙ্কায় রেইনট্রি গাছ কাটা হচ্ছে।
কাশিপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জানান, ভবনের সামনে থাকা গাছগুলো ভবনের ক্ষতি করছে। তা ছাড়া গাছ কেটে ভবনের সামনে একটি ছাউনি নির্মাণ করা হবে। এ ছাড়া প্রতিষ্ঠানের জন্য নতুন ৮০ জোড়া বেঞ্চ নির্মাণ করতে হবে। এসব কারণে গত ২৬ মে পরিচালনা পরিষদের সভায় গাছ কাটার বিষয়টি উত্থাপন করা হলে তারা গাছ কাটার অনুমতি দেয়। এরপর গাছ কাটা শুরু হয়েছে।
বন বিভাগ বরিশাল বিভাগের কর্মকর্তা গোলাম কুদ্দুস ভূঁইয়া প্রথম আলোকে বলেন, সরকারি-বেসরকারি, এমনকি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হলেও গাছ কাটার জন্য অনুমতি নিতে হবে। কাশিপুর স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো অনুমতি নেয়নি।
কাশিপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মামুন অর রশীদ বলেন, ‘গাছ কাটার জন্য বন বিভাগের কাছ থেকে অনুমতি নিতে হবে এ বিষয়টি আমার জানা ছিল না।’