বিশ্ব পর্যটনের দুয়ার খুলে দেবে 'মেরিন ড্রাইভ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক’ উদ্বোধনের জন্য প্রস্তুত। টেকনাফ মনখালী এলাকা থেকে গত সোমবার বিকেলে তোলা ছবি l প্রথম আলো
‘কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক’ উদ্বোধনের জন্য প্রস্তুত। টেকনাফ মনখালী এলাকা থেকে গত সোমবার বিকেলে তোলা ছবি l প্রথম আলো

এক পাশে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত। আরেক পাশে সবুজে ভরা উঁচুনিচু পাহাড় সারি। দুয়ের মধ্য দিয়ে চলে গেছে ‘কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক’। এর শুরু কক্সবাজার শহরের কলাতলী থেকে। শেষটা টেকনাফ উপজেলার সাবরাংয়ে। সড়কটি প্রায় ৮০ কিলোমিটার দীর্ঘ। নির্মাণের সঙ্গে যুক্ত সেনাবাহিনীর কর্মকর্তারা বলেছেন, বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়ক এটি।
৬ মে মেরিন ড্রাইভ সড়কের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ প্রকৌশল নির্মাণ ব্যাটালিয়ন (ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ন-ইসিবি) এই সড়ক প্রকল্পটি বাস্তবায়ন করছে। সড়কটির উন্নয়নে এ পর্যন্ত ব্যয় হয়েছে প্রায় ১ হাজার ৪০ কোটি টাকা।
১৬ ইসিবি অধিনায়ক লে. কর্নেল কে এম মেহেদী হাসান গতকাল মঙ্গলবার সকালে প্রথম আলোকে বলেন, সড়কটি উদ্বোধনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি বলেন, সমুদ্রের উত্তাল ঢেউয়ের আঘাতে সড়কে ভাঙন, পাহাড় থেকে নেমে আসা ঢলের পানিতে সড়ক বিলীন হয়ে যাওয়ার কারণে সড়ক প্রকল্পটি বাস্তবায়নে কিছুটা বিলম্ব হয়েছে। কাজের সময় পাহাড়ধসের ঘটনায় প্রাণহানিও ঘটেছে। সড়কটি চালু হলে পর্যটনশিল্পে বড় ধরনের পরিবর্তন আসবে।
১৬ ইসিবি ও সওজ সূত্র জানায়, মেরিন ড্রাইভ সড়কের নির্মাণকাজ শুরু হয় ১৯৯৩ সালে। ২০১৫ সাল পর্যন্ত কক্সবাজারের কলাতলী থেকে উখিয়ার ইনানী সৈকত পর্যন্ত প্রায় ২৪ কিলোমিটার সড়কের নির্মাণকাজ সম্পন্ন হয়। ২০১৬ সালের মাঝামাঝিতে নির্মাণ করা হয় ইনানী থেকে টেকনাফের শীলখালী পর্যন্ত আরও ২৪ কিলোমিটার সড়ক। সম্প্রতি শীলখালী থেকে টেকনাফের সাবরাং পর্যন্ত তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন আরও ৩২ কিলোমিটার সড়ক। পুরো সড়ক নির্মাণে খরচ হয়েছে প্রায় ১ হাজার ৪০ কোটি টাকা।
সওজ সূত্র জানায়, সড়কের দুই পাশের কয়েক শ অবৈধ স্থাপনাও সম্প্রতি উচ্ছেদ করা হয়েছে। এই সড়কটি দিয়ে গাড়িতে টেকনাফ যেতে লেগেছে সোয়া এক ঘণ্টা। টেকনাফ-কক্সবাজার আঞ্চলিক সড়ক দিয়ে যেতে লাগে আড়াই ঘণ্টা।
উখিয়ার মনখালী এলাকার পানচাষি আবদুল মালেক (৪৫) বলেন, এই মেরিন ড্রাইভ হাজারো মানুষের ভাগ্য পাল্টে দিয়েছে। আগে উপকূলের প্রতি কানি জমি (৪০ শতক) বিক্রি হতো ৮০-৯০ লাখ টাকায়। মেরিন ড্রাইভ সড়ক হওয়ার পর সেই জমির দাম বেড়ে গেছে দশ গুণ।
টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নুর হোসেন বলেন, সরকার সাবরাং সৈকতকে ঘিরে বিশেষ পর্যটনপল্লি গড়ে তুলছে। ইতিমধ্যে মেরিন ড্রাইভ সড়কটি সাবরাং পর্যটনপল্লি পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে। এই সড়ক দিয়ে দ্রুততম সময়ে কক্সবাজার যাতায়াতের পাশাপাশি স্থানীয় লোকজনের জীবন–জীবিকার পথও সুগম হয়েছে।
মেরিন ড্রাইভ দিয়ে টেকনাফের দিকে যাওয়ার সময় সড়কের পশ্চিম দিকে নজরে পড়বে নীল সমুদ্রে মাছ ধরার জন্য শত শত ট্রলারের ছুটে চলার দৃশ্য, সৈকতের বালুচরে লক্ষকোটি লাল কাঁকড়ার দৌড়ঝাঁপ, সাগরের পানিতে অসংখ্য গাঙচিলের হাঁকডাক, আর নরম বালুচরে রংবেরঙের নৌকার সারি এবং জেলেদের মাছ ধরার অপূর্ব দৃশ্য।
আর সড়কের পূর্ব দিকে দেখা মেলে জেলার উঁচু পর্বতমালা। তার নিচে সুপারি ও নারকেলবাগান, পানের বরজ আর শতবর্ষী গর্জন বন।
সওজ কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী রানাপ্রিয় বড়ুয়া বলেন, তিন ধাপে মেরিন ড্রাইভ সড়কটির নির্মাণকাজ ইতিমধ্যে শেষ করেছে সেনাবাহিনী। ৬ মে সড়কটির উদ্বোধনের পর রক্ষণাবেক্ষণের জন্য সওজের কাছে হস্তান্তর করা হবে।
সওজ বিভাগ সূত্র জানায়, দৃষ্টিনন্দন করার জন্য মেরিন ড্রাইভ সড়কের দুই পাশে রাখা হবে ওয়াকওয়ে। পর্যটকদের সুবিধার্থে থাকবে গাড়ি পার্কিং।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, মেরিন ড্রাইভ চালু হলে বিশ্ব পর্যটনের আরেকটি দুয়ার খুলে যাবে। উপকূলীয় লোকজনের জীবনযাত্রার মান বদলে দেবে। পিছিয়ে থাকা এই জনপদ সমৃদ্ধ হবে অর্থনৈতিকভাবে।