বিশ্ব পানি দিবসে নদী রক্ষায় গুরুত্বারোপ
আলোচনা সভা, শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল বুধবার সারা দেশে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। এবার দিবসটির প্রতিপাদ্য ছিল ‘বর্জ্য পানির ব্যবস্থাপনা’।
নওগাঁ সদর উপজেলা পরিষদ চত্বর থেকে সকাল ১০টায় শোভাযাত্রা বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এটি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা হয়। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আমিনুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদর আসনের সাংসদ আবদুল মালেক। বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মাজেদা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল আক্তার, নওগাঁ পাউবো নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন প্রমুখ। বক্তারা বলেন, নদী রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। রানীনগরে সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। পরে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা হয়। সভাপতিত্ব করেন ইউএনও সোনিয়া বিনতে তাবিব।
সিরাজগঞ্জ শহরের মাওলানা ভাসানী কলেজ মিলনায়তনে সকাল ১০টায় পাউবোর জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমামের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আবু নুর মোহাম্মাদ শামসুজ্জামান, মাওলানা ভাসানী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলাম প্রমুখ। এর আগে সকালে শোভাযাত্রা বের হয়।
রাজশাহীর বাগমারায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে শোভাযাত্রা বের হয়। উপজেলা পরিষদ থেকে শোভাযাত্রাটি বের হয়ে ভবানীগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের পর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শেষ হয়। সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়। বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান জাকিরুল ইসলাম, ইউএনও নাছরিন আক্তার প্রমুখ।
দুপচাঁচিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে শোভাযাত্রা বের হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও শাহেদ পারভেজের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আবদুল গনি মণ্ডল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান খান প্রমুখ।
[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন নওগাঁ, সিরাজগঞ্জ, বাগমারা (রাজশাহী), আদমদীঘি (বগুড়া) ও দুপচাঁচিয়া প্রতিনিধি]